ছবি: সংগৃহীত
জ্বালানি সাশ্রয় সংক্রান্ত সরকারি নির্দেশনার কারণে প্রায় দুই মাস ধরে বন্ধ রয়েছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) পরিবহন পুলের তিনটি বাস ট্রিপ। সম্প্রতি প্রকাশিত নতুন সময়সূচিতেও ট্রিপগুলো পুনরায় চালু না হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তর রোববার (৭ জুন) নতুন বাস সময়সূচি প্রকাশ করে। তবে এতে বিকেল ৫টা ১০ মিনিট, সন্ধ্যা ৭টা ১০ মিনিট এবং রাত ৮টার ট্রিপ পুনর্বহাল করা হয়নি। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের আগের সময়সূচি অনুযায়ী, প্রতিদিন সাতটি ট্রিপের মাধ্যমে ক্যাম্পাস থেকে সিলেট শহরের বিভিন্ন গন্তব্যে বাস চলাচল করত। এসব ট্রিপের মধ্যে ছিল সকাল ৭টা ৪৫ মিনিট ও ৮টা ৫০ মিনিট, দুপুর ১টা ১০ মিনিট, বিকেল ৪টা ১০ মিনিট ও ৫টা ১৫ মিনিট, এবং রাত ৭টা ১০ মিনিট ও ৮টার বাস।
গত এপ্রিল মাসে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকারি নির্দেশনার পর বিশ্ববিদ্যালয়ের অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা নির্ধারণ করা হয়। এর পরিপ্রেক্ষিতে বিকেলের পরের কয়েকটি বাস ট্রিপ সাময়িকভাবে স্থগিত করে কর্তৃপক্ষ।
তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ট্রিপগুলো চালু না হওয়ায় শিক্ষার্থীরা প্রশ্ন তুলছেন। অনেকের মতে, ক্যাম্পাসের বাইরে বসবাসকারী শিক্ষার্থীদের যাতায়াতে এ সিদ্ধান্ত নেতিবাচক প্রভাব ফেলছে। বিশেষ করে সন্ধ্যার পর বিভিন্ন একাডেমিক, সাংস্কৃতিক ও ব্যক্তিগত প্রয়োজন শেষে শহরে ফেরার ক্ষেত্রে তারা ভোগান্তির শিকার হচ্ছেন।
বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করে জানিয়েছেন, জ্বালানি সংকটের পরিস্থিতি আগের মতো না থাকলেও বাসসেবা স্বাভাবিক করা হয়নি। তারা দ্রুত বন্ধ ট্রিপগুলো পুনরায় চালুর দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক আ. ফ. ম. জাকারিয়া বলেন, জ্বালানি সাশ্রয় সংক্রান্ত সরকারি নির্দেশনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী বর্তমান সময়সূচি কার্যকর করা হয়েছে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে নতুন কোনো নির্দেশনা এখনো পাওয়া যায়নি।
তিনি আরও জানান, ভবিষ্যতে মন্ত্রণালয় বা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে নতুন সিদ্ধান্ত এলে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে বন্ধ ট্রিপগুলো পুনরায় চালু করা হবে। বর্তমানে নির্দেশনা অনুযায়ীই পরিবহন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
