ছবি সংগৃহীত
অবৈধ গাড়ি চলবে না, চলবে না’—এমন শ্লোগানে মুখর হয়ে উঠেছিল সিলেট নগরীর রাজপথ। ব্যাটারিচালিত রিকশাসহ সব ধরনের অবৈধ যানবাহনের বিরুদ্ধে রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সিলেটের সচেতন নাগরিক সমাজের উদ্যোগে একটি পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বন্দরবাজারের কোর্ট পয়েন্ট থেকে পদযাত্রা শুরু হয়ে চৌহাট্টার কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত পথসভায় সমাপ্তি ঘটে। সকাল সাড়ে ১১টার পর থেকেই নগরীর বিভিন্ন প্রান্ত থেকে সচেতন মানুষজন কোর্ট পয়েন্টে সমবেত হতে থাকেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর আহ্বানে এই কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, আইনজীবী, শিক্ষক-শিক্ষার্থী, পরিবহন সেক্টরের নেতৃবৃন্দ, সমাজকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
অংশগ্রহণকারীরা ‘অবৈধ যানবাহন বন্ধ করো’, ‘ব্যাটারিচালিত রিকশা মরণ ফাঁদ’, ‘অবৈধ রিকশার বিরুদ্ধে রুখে দাঁড়াও’—এমন লেখা প্ল্যাকার্ড হাতে মিছিল করেন।
পথসভায় বক্তারা বলেন, ব্যাটারিচালিত রিকশার কারণে সিলেটে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে এবং নগরে যানজট সৃষ্টি হচ্ছে। অবৈধ যানবাহনবিরোধী চলমান অভিযানের ফলে দুর্ঘটনা ও ভিড় দুটোই কমেছে, হাসপাতালের জরুরি বিভাগে চাপও আগের তুলনায় অনেকটা হ্রাস পেয়েছে। তারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
সমাপনী বক্তব্যে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী জানান, দুর্গাপূজা শেষে নগরের সৌন্দর্য ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে আরও বৃহৎ পরিসরে কর্মসূচি পালন করা হবে।
