হবিগঞ্জের সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে পৃথক অভিযানে প্রায় ৭৪ লাখ ১ হাজার ৪৫০ টাকা মূল্যের ভারতীয় জিরা, কসমেটিকস ও বিভিন্ন ধরনের ঔষধ জব্দ করেছে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়ন।
রবিবার (২৩ নভেম্বর) ভোরে সাতছড়ি–তেলিয়াপাড়া মহাসড়কের জগদীশপুর মুক্তিযুদ্ধ চত্বর এলাকায় সন্দেহভাজন একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালায় বিজিবি। এসময় বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করা হয়, যার বাজারমূল্য ৩৫ লাখ ৫৫ হাজার টাকা। বিজিবির দাবি, ট্রাকটি সীমান্ত পেরিয়ে পণ্য পাচারের কাজে ব্যবহৃত হচ্ছিল; তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এর আগে ২২ নভেম্বর বিকালে সাতছড়ি–চুনারুঘাট সড়কে বিজিবির আরেকটি অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় বিভিন্ন ধরনের কসমেটিকস ও ঔষধ জব্দ করা হয়। এসব পণ্যের বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ৩৮ লাখ ৪৬ হাজার ৪৫০ টাকা।
অভিযান সম্পর্কে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, বিজিবি সীমান্ত পাহারার পাশাপাশি চোরাচালান দমনে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। কঠোর নজরদারি ও ধারাবাহিক অভিযানের ফলে চোরাচালানকারীরা নিরুৎসাহিত হচ্ছে এবং দেশের অর্থনৈতিক নিরাপত্তা রক্ষায় বিজিবির ভূমিকা আরও শক্তিশালী হচ্ছে।
তিনি জানান, জব্দ করা সব মালামাল আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে। পাশাপাশি, চোরাচালান চক্রকে শনাক্তে বিজিবির গোয়েন্দা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
বিজিবি সীমান্তবর্তী এলাকার জনগণকে চোরাচালান প্রতিরোধে সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলেছে, স্থানীয়দের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ চোরাচালান নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
