শিরোনাম

আবহাওয়ার সতর্কবার্তা: ভারি বৃষ্টিতে জলাবদ্ধতা ও ভূমিধসের শঙ্কা

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৫-০৭-০৯

দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বৃষ্টিপাতের পাশাপাশি জলাবদ্ধতা এবং চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর

বুধবার (৯ জুলাই) সকালেই ভারি বৃষ্টিপাত নিয়ে একটি সতর্কবার্তা প্রকাশ করে অধিদপ্তর।

সতর্কবার্তায় জানানো হয়, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকায় ৯ জুলাই সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হতে পারে।

এতে আরও উল্লেখ করা হয়, চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় অতিভারি বৃষ্টির ফলে ভূমিধসের আশঙ্কা রয়েছে। পাশাপাশি, ভারি বৃষ্টির কারণে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা মহানগরের কিছু এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা দেখা দিতে পারে।

অন্যদিকে, সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন অঞ্চলে একটি লঘুচাপ অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর আরেকটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় বিরাজ করছে।

error: Content is protected !!