২৮ জেলায় চলছে তাপপ্রবাহ, সিলেট ও চট্টগ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: 2025-06-09

সিলেটসহ দেশের ২৮টি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ, যা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

একই সময়ে চট্টগ্রাম, ঢাকা, সিলেট ও বরিশাল বিভাগের অনেক স্থানে হালকা থেকে মাঝারি বা মাঝারি থেকে ভারী ধরনের বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

সোমবার (৯ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। ফলে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা বাড়লেও বৃষ্টিপাতের প্রবণতাও রয়েছে।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, খুলনা বিভাগের ১০টি জেলা, রাজশাহী বিভাগের ৮টি ও রংপুর বিভাগের ৮টি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। এছাড়াও ফেনী ও ময়মনসিংহ জেলাও এ তাপপ্রবাহের আওতায় রয়েছে। এই পরিস্থিতি আরও দু’একদিন স্থায়ী হতে পারে।

মঙ্গলবার (১০ জুন)-এর পূর্বাভাস অনুযায়ী, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুই-একটি স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিন দেশের অধিকাংশ অঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

বুধবার (১১ জুন) চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম ও সিলেটের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে, রাতের তাপমাত্রা থাকবে প্রায় একই রকম।

বৃহস্পতিবার (১২ জুন) ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের বিভিন্ন এলাকায় মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

শুক্রবার (১৩ জুন) চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশালের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহীর কিছু কিছু স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পাবে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনেও বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে বাড়তে পারে।

error: Content is protected !!