ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এক বিরল ও ঐতিহাসিক ঘটনার সাক্ষী হলো দর্শকরা। নোয়াখালী এক্সপ্রেসের হয়ে একই ম্যাচে মাঠে নামলেন বাবা মোহাম্মদ নবি ও তার ছেলে হাসান ইসাখিল। ক্রিকেট ইতিহাসে বাবা-ছেলের একসঙ্গে খেলার ঘটনা থাকলেও, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে একই দলের জার্সিতে মাঠে নামার ঘটনা এই প্রথম।
এর আগে আফগানিস্তানের ঘরোয়া লিগে বাবা-ছেলে একসঙ্গে খেললেও আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে এমন নজির দেখা যায়নি। ১৯ বছর বয়সী হাসান ইসাখিল একজন ডানহাতি ওপেনিং ব্যাটার। তিনি আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেছেন, তবে এখনো জাতীয় দলে অভিষেক হয়নি তার।
চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নোয়াখালী এক্সপ্রেসের হয়ে খেলছেন আফগানিস্তান অলরাউন্ডার মোহাম্মদ নবি। আজই একই দলের হয়ে বিপিএলে অভিষেক হলো তার ছেলে হাসান ইসাখিলের। অভিষেক ম্যাচেই বাবা-ছেলে মিলে গড়লেন অনন্য ইতিহাস।
ম্যাচ শুরুর আগে ছেলের মাথায় ক্যাপ পরিয়ে দেন মোহাম্মদ নবি—যা আবেগঘন মুহূর্ত তৈরি করে মাঠে ও গ্যালারিতে। পরে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টিতে নিজের প্রথম অর্ধশতক পূর্ণ করলে ড্রেসিংরুম থেকে হাততালি দিয়ে ছেলেকে অভিনন্দন জানান গর্বিত বাবা।
রোববার (১১ জানুয়ারি) ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন নোয়াখালী এক্সপ্রেসের অধিনায়ক হায়দার আলী। টানা ছয় ম্যাচে হারার পর আগের ম্যাচে প্রথম জয়ের দেখা পাওয়া দলটি এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে।
সৌম্য সরকারের সঙ্গে ওপেনিংয়ে নামেন হাসান ইসাখিল। বিপিএলে নিজের প্রথম ম্যাচেই সাবলীল ব্যাটিংয়ে তুলে নেন চোখে পড়ার মতো একটি ফিফটি, যা ম্যাচটিকে আরও স্মরণীয় করে তোলে।
