মাইলস্টোন দুর্ঘটনায় শোকাহত সিলেট, উত্তাল শিক্ষার্থীরা

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: 2025-07-23

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানের দুর্ঘটনায় প্রাণহানি ও আহতের ঘটনায় স্তব্ধ পুরো দেশ, শোকের ছায়া নেমেছে সিলেটেও। সোমবার দুপুরে ঘটে যাওয়া ভয়াবহ এই ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত হয়েছেন অন্তত ১৬৫ জন।

সোমবারের এই হৃদয়বিদারক ঘটনার পর সিলেটের বিভিন্ন মসজিদে নিহতদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে শোক ও সহানুভূতির ঢল।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, জেলা আইনজীবী সমিতি, কর আইনজীবী সমিতি, রোটারি ক্লাব অব জালালাবাদসহ বিভিন্ন সংগঠন ও পেশাজীবীরা শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে। বিমানন্দর থানা বিএনপি ও ‘আলোর অন্বেষণ’ সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিলও হয়।

একইসাথে, রাজধানীতে চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সিলেটের শিক্ষার্থীরাও রাস্তায় নেমে আসে। মঙ্গলবার বিকেলে সিলেট-জকিগঞ্জ-বিয়ানীবাজার মহাসড়কে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে তারা। প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হলেও, উত্তেজনা কমেনি।

বুধবারও শিক্ষার্থীরা আন্দোলনের ঘোষণা দিয়েছে। সিলেটের চৌহাট্টায় সকাল থেকেই অবস্থান কর্মসূচি ও সড়ক অবরোধের প্রস্তুতি চলছিল। তাদের দাবি—শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ, ঘটনার স্বচ্ছ তদন্ত এবং মাইলস্টোন ট্র্যাজেডির পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ।

শোকাবেগের পাশাপাশি সিলেটের রাজপথে এখন প্রশ্ন, ক্ষোভ ও জবাবদিহির প্রত্যাশা।

error: Content is protected !!