বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে কোনো ধরনের চাপ নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। তিনি বলেন, নির্বাচন কখন অনুষ্ঠিত হবে, সে সিদ্ধান্ত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। তবে তিনি জোর দিয়ে বলেন, প্রয়োজনীয় রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি, কারণ এসব উদ্যোগ একটি দীর্ঘমেয়াদি, স্থিতিশীল বাংলাদেশের ভিত্তি গড়ে তুলবে।
সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি আয়োজন করে ডিপ্লোম্যাটিক করেসপনডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব)।
রাষ্ট্রদূত মিলার আরও বলেন, ইউরোপীয় ইউনিয়নের প্রত্যাশা হলো, রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার একযোগে কাজ করে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নে অগ্রসর হবে।
জুলাই-আগস্ট মাসে সংঘটিত সহিংস ঘটনার প্রসঙ্গে তিনি বলেন, ওই সময় যেসব হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সেগুলোর সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন। তবে এসব বিচার অবশ্যই স্বচ্ছতা ও নিরপেক্ষতার ভিত্তিতে হতে হবে বলে তিনি উল্লেখ করেন।
অন্যদিকে, ইউরোপে অর্থ পাচারের বিষয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, যদি বাংলাদেশ সরকার পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে চায়, তাহলে অবশ্যই সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে তথ্য-প্রমাণসহ প্রয়োজনীয় যোগাযোগ করতে হবে।
