বর্তমান সময়ে স্বাস্থ্য সচেতনতায় সবচেয়ে অগ্রগণ্য ফুটবলারদের একজন ক্রিশ্চিয়ানো রোনালদো। মাঠে অনুশীলন, খাদ্যাভ্যাস কিংবা বিশ্রাম—প্রতিটি ক্ষেত্রেই তিনি অত্যন্ত গুরুত্ব দিয়ে চলেন। এবার তার ঘুমের অভ্যাস নিয়ে উঠে এসেছে এক বিস্ময়কর তথ্য—রোনালদো নাকি ৫জি প্রযুক্তিকে ভয় পান!
সৌদি আরবের ক্লাব আল-নাসরের হয়ে খেলা এই পর্তুগিজ মহাতারকা ঘুমাতে যাওয়ার সময় কখনোই মোবাইল ফোন নিজের শয্যার পাশে রাখেন না। এমনকি ফোনের ৫জি সিগন্যালও বন্ধ করে ঘুমান তিনি। বিষয়টি প্রকাশ্যে এনেছেন তার সাবেক সতীর্থ সেদ্রিক সোয়ারেস।
ইএসপিএন ব্রাজিলকে দেওয়া এক সাক্ষাৎকারে সেদ্রিক বলেন, ‘রোনালদোর এমন সময়ও যায়, যখন সে একদমই ফোন ব্যবহার করে না। সে আমাকে বলেছিল, ফোন ঘুমে বিঘ্ন ঘটায়, তাই সে ফোন ঘরের বাইরে রেখে ঘুমায়। ৫জি চালুর পর সে বলেছিল, “সেদ্রিক, ৫জি ব্যবহার কোরো না, এটা ঘুমের ক্ষতি করে।” আমি নিশ্চিত নই সে এখনো ঠিক সেটা করে কি না, তবে তখন সে সত্যিই সিগন্যাল ব্লক করে ঘুমাতো।’
৪০ বছর বয়সেও আন্তর্জাতিক ফুটবলে নিয়মিত খেলে যাচ্ছেন রোনালদো। আল-নাসরের হয়ে নিয়মিত গোল করছেন, অনুশীলনেও দিচ্ছেন শতভাগ। এত বয়সেও নিজের ফিটনেস ধরে রাখার পেছনে ঘুমকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে থাকেন তিনি।
এ বিষয়ে রোনালদো স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রাতে ফোনে সময় না কাটিয়ে ঘুম ও বিশ্রামের দিকেই বেশি মনোযোগ দেন তিনি। এমনকি ৫জি সিগন্যাল নিয়েও অস্বস্তি থাকায়, তিনি নিজের শরীরের যত্নে সবসময় থাকেন সচেতন।
তবে শুধু রোনালদোই নন, করোনাভাইরাস মহামারির সময় ৫জি নিয়ে বিশ্বজুড়েই ছড়িয়েছিল নানা গুজব। কেউ কেউ বিশ্বাস করতেন ৫জি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় কিংবা ভাইরাস ছড়াতে সহায়তা করে। যদিও এইসব তথ্য বিজ্ঞানভিত্তিকভাবে ভুল প্রমাণিত হয়েছে।
সম্প্রতি আল-নাসরের হয়ে প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে তুলুজের বিপক্ষে গোল করেছেন রোনালদো। যদিও পর্তুগালের অপেক্ষাকৃত দুর্বল দল এস্ট্রেলা দা আমাদোরার বিপক্ষে হেরে যায় তার দল। তবে সামনে ক্লাব মৌসুমে ভালো কিছু করার লক্ষ্যেই প্রস্তুতি নিচ্ছেন এই ‘ফিটনেস ফ্রিক’ ফুটবল তারকা।
‘ফোন দূরে রাখুন, ঘুম ভালো করুন’—এই সহজ বার্তাই যেন দিয়ে চলেছেন রোনালদো। আর তারই ফল, ৪০ বছর বয়সেও তিনি বিশ্ব ফুটবলে অন্যতম সেরা পারফর্মার হিসেবে নিজেকে ধরে রেখেছেন।
