সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে নারী ও শিশুসহ ৯ জন বাংলাদেশি নাগরিককে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে তাদের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করা হয়।
সোমবার (৬ এপ্রিল) সকালে আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে রোববার (৫ এপ্রিল) দুপুরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। বিকেলে বিজিবি তাদের সিলেটের গোয়াইনঘাট থানায় সোপর্দ করে।
আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন বাগেরহাট, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ ও সিলেট জেলার বাসিন্দারা। তাদের মধ্যে ৪ জন নারী, ৪ জন পুরুষ এবং ১৫ মাস বয়সী একটি শিশু রয়েছে।
বিজিবি ও পুলিশ সূত্র জানায়, গত ৪ এপ্রিল রাত প্রায় ২টার দিকে ভারতের অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশের সময় বিএসএফের মুক্তারপুর ক্যাম্পের টহল দল তাদের আটক করে। পরদিন তামাবিল সীমান্তের ১২৭৫ নম্বর পিলার এলাকায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় এবং সেখানেই আনুষ্ঠানিকভাবে তাদের হস্তান্তর করা হয়।
এ ঘটনায় তামাবিল বিওপি ক্যাম্পের পক্ষ থেকে গোয়াইনঘাট থানায় পাসপোর্ট আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। থানার তদন্ত কর্মকর্তা জানান, আইনি প্রক্রিয়া শেষে সোমবার সকালে আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।