সিলেট মহানগর পুলিশের কল্যাণ সভা: পেশাদারিত্বে ট্রাফিক সদস্যদের সতর্ক করলেন কমিশনার

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৬-০৩-০৫
ছবি: সংগৃহীত

সিলেট মহানগর পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বৃহস্পতিবার (৫ মার্চ) পুলিশ লাইন্সের হল রুমে অনুষ্ঠিত সিলেট মহানগর ট্রাফিক বিভাগের কল্যাণ সভায় অংশগ্রহণকারী কর্মকর্তাদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, “যদি কোনো পুলিশ সদস্য অপেশাদার আচরণ করে, তার কোনো ছাড় থাকবে না। তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” তিনি সকলকে ড্রেসকোড মেনে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বানও জানান।

কমিশনার আরও বলেন, সিলেট মহানগরের জনদুর্ভোগ কমানো এবং সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করার জন্য সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে। শহরকে যানজটমুক্ত রাখতে অবৈধ সিএনজি, ব্যাটারি চালিত রিকশা এবং অন্যান্য অনিয়মিত যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কল্যাণ সভায় ট্রাফিক বিভাগের বিভিন্ন পদবীর ১৫ জন সদস্যকে তাদের সফল উদ্ধার কার্যক্রম এবং যানবাহন নিয়ন্ত্রণে অবদানের জন্য বিশেষ পুরস্কার প্রদান করা হয়। এছাড়া কমিশনার সদস্যদের সমস্যা শুনে কিছু বিষয়ে তাৎক্ষণিক সমাধান করেন এবং কিছু বিষয়ে দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেন।

সভায় উপস্থিত ছিলেন সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (ট্রাফিক) সুদীপ্ত রায় (সভাপতি), অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) এনামুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম ও অপস) মাসুদ রানা, এডিসি ট্রাফিক গৌতম দেব, এবং ট্রাফিক বিভাগের অন্যান্য কর্মকর্তাগণ।

error: Content is protected !!