ভারতের অনুমোদন না মেলায় নেপাল থেকে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৬-০৬-১৪
ছবি : সংগৃহীত

নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানির পরিকল্পনা আপাতত বাস্তবায়ন হচ্ছে না। ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন না পাওয়ায় আগামী ১৫ জুন থেকে বাংলাদেশ আগের মতোই ৪০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করবে।

নেপালের জ্বালানি খাত সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ভারতীয় কেন্দ্রীয় বিদ্যুৎ কর্তৃপক্ষ (সিইএ) অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহের অনুমতি দেয়নি। তাদের মতে, ভারত-বাংলাদেশ আন্তঃসীমান্ত বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থায় বর্তমানে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ পরিবহনের পর্যাপ্ত সক্ষমতা নেই।

এর আগে ২০২৫ সালের নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিত নেপাল-ভারত যৌথ স্টিয়ারিং কমিটির বৈঠকে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানির পরিমাণ ৪০ মেগাওয়াট থেকে বাড়িয়ে ৬০ মেগাওয়াট করার বিষয়ে নীতিগত সম্মতি হয়েছিল। তবে এ সিদ্ধান্ত কার্যকর করতে প্রয়োজনীয় অনুমোদন ও নতুন ত্রিপক্ষীয় চুক্তি এখনও সম্পন্ন হয়নি।

নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষ (এনইএ) জানিয়েছে, অতিরিক্ত বিদ্যুৎ রপ্তানির জন্য ভারতের এনটিপিসি বিদ্যুৎ ব্যাপার নিগম (এনভিভিএন)-এর মাধ্যমে আবেদন করা হয়েছিল। কিন্তু ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিদ্যমান ট্রান্সমিশন লাইনের সক্ষমতা সীমিত হওয়ায় বর্তমানে অতিরিক্ত বিদ্যুৎ পরিবহন সম্ভব নয়।

বর্তমানে নেপালের ত্রিশুলি ও চিলিমে জলবিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত ৪০ মেগাওয়াট বিদ্যুৎ ভারতের সঞ্চালন নেটওয়ার্ক ব্যবহার করে বাংলাদেশে সরবরাহ করা হচ্ছে।

উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বর থেকে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু করে নেপাল। প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য নির্ধারণ করা হয়েছে ৬ দশমিক ৪০ মার্কিন সেন্ট। অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানির অনুমোদন মিললেও একই দরে সরবরাহ করা হতো।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অতিরিক্ত বিদ্যুৎ রপ্তানির বিষয়টি নেপাল-ভারত যৌথ স্টিয়ারিং কমিটির আগামী বৈঠকে পুনরায় আলোচনা করা হবে। ভারতের অনুমোদন এবং নতুন ত্রিপক্ষীয় চুক্তি সম্পন্ন হলে ভবিষ্যতে বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানির পরিমাণ ৬০ মেগাওয়াটে উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে।

error: Content is protected !!