ছবি:-সংগৃহীত
মালয়েশিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও দুজন। দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যায়, কুয়ানতান শহরের নিকটে একটি মহাসড়কে।
নিহত ব্যক্তিরা হলেন—চালক মো. সাব্বির হাসান (৩০), যাত্রী মো. জাহিদ হাসান (২১) ও আবদুল্লাহ (২৪)। আহতরা হলেন মো. হাবিব বিশ্বাস (৪৫) এবং মনিরাম চন্দ্র বসু (৪০)।
স্থানীয় সংবাদ সংস্থা বারনামার বরাতে জানা যায়, কুয়ানতান জেলার ভারপ্রাপ্ত পুলিশপ্রধান সুপারিনটেনডেন্ট মোহাম্মদ আদলি মাত দাউদ জানিয়েছেন, স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একটি বহুমুখী টয়োটা অ্যাভাঞ্জা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে গিয়ে একটি পিলারের কাছে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারান।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গাড়িটি কুয়ানতান থেকে কুয়ালালামপুরগামী ছিল। পথে চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি রাস্তার বাঁ দিকে ছিটকে পড়ে এই দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে কুয়ানতানের টেংকু আমপুয়ান আফজান হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলমান রয়েছে। এদিকে মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকেও বিষয়টি নিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
