বিদ্যুৎ লাইনে ত্রুটি, সিলেট পাসপোর্ট অফিসের সেবা ব্যাহত

: অনলাইন ডেস্ক
প্রকাশ: 2026-09-18
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ লাইনে ত্রুটির কারণে সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের ছবি তোলার স্টেশনগুলোতে কারিগরি জটিলতা দেখা দিয়েছে। এতে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে অফিসটির নিয়মিত সেবা কার্যক্রম সাময়িকভাবে ব্যাহত হয়। ফলে ভোগান্তিতে পড়েন পাসপোর্ট করতে আসা সেবাপ্রত্যাশীরা।

পাসপোর্ট অফিস সূত্রে জানা গেছে, বিদ্যুৎ লাইনে ত্রুটির কারণে পাসপোর্টের ছবি তোলার মোট ৯টি স্টেশনে কারিগরি সমস্যা দেখা দেয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে ই-মেইলের মাধ্যমে ঢাকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়।

পরে কারিগরি ত্রুটি নিরসনের পর ৯টি স্টেশনের মধ্যে ৬টি সচল করা সম্ভব হয়েছে। তবে বাকি ৩টি স্টেশন এখনো পুরোপুরি চালু করা যায়নি। সেগুলো সচল করার জন্য কাজ চলছে।

সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের উপসহকারী পরিচালক মো. সিরাজুল ইসলাম পাটওয়ারী জানান, বৃহস্পতিবার সকাল থেকে সাময়িকভাবে সেবা কার্যক্রম বিঘ্নিত হলেও দুপুর ২টা ৪০ মিনিটের দিকে আংশিকভাবে কার্যক্রম চালু করা সম্ভব হয়েছে।

তিনি বলেন, ‘বাকি তিনটি স্টেশন সচল করার কাজ চলছে। আমরা আশাবাদী, আগামী রবিবারের মধ্যে এগুলোও সচল হবে। এরপর পাসপোর্ট অফিসের কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে।’

এদিকে, বৃহস্পতিবার পাসপোর্ট-সংক্রান্ত বিভিন্ন কাজ করতে অফিসে আসা অনেক সেবাপ্রত্যাশী দীর্ঘ সময় অপেক্ষা করেও কাঙ্ক্ষিত সেবা নিতে পারেননি। পরে তাদের অনেকেই সেবা না পেয়ে ফিরে যেতে বাধ্য হন।

error: Content is protected !!