বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিদেশি কয়েকটি মিশন সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
কূটনৈতিক সূত্র জানায়, এ নির্দেশনা কোনো আনুষ্ঠানিক চিঠি বা ই-মেইলের মাধ্যমে পাঠানো হয়নি। বরং টেলিফোনে অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে বিষয়টি জানানো হয়েছে। পরে ওই কূটনীতিকদের অন্য মিশনগুলোতে বিষয়টি পৌঁছে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রও জানিয়েছে, রাষ্ট্রদূত/হাইকমিশনারদের নির্দেশ দেওয়া হয়েছে যেন কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতির ছবি সরানো হয়।
দক্ষিণ এশিয়া, এশিয়া প্যাসিফিক, আফ্রিকা ও ইউরোপের কয়েকটি মিশনের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, এখনো সবাই আনুষ্ঠানিকভাবে এ নির্দেশ পাননি। তবে অন্তত দুটি মিশনের প্রধান নিশ্চিত করেছেন যে তারা সরকারের কাছ থেকে এ ধরনের বার্তা পেয়েছেন।
বিদেশে কর্মরত এক জ্যেষ্ঠ কূটনীতিক নাম প্রকাশ না করার শর্তে একটি সংবাদমাধ্যমকে জানান, ‘ঢাকা থেকে ফোনে আমাদের বলা হয়েছে রাষ্ট্রপতির ছবি সরাতে হবে। লিখিতভাবে আসেনি, তবে অন্য মিশনগুলোতে বিষয়টি জানানো এবং বাস্তবায়ন তদারকির দায়িত্বও দেওয়া হয়েছে।’
আরেকজন কূটনীতিক বলেন, তাদের অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূত সরাসরি জানালেও কাছাকাছি আরেকটি মিশনের মাধ্যমে তাদের কাছে এ বার্তা পৌঁছেছে।
জানা গেছে, ছবি সরানোর বিষয়ে কোনো আনুষ্ঠানিক চিঠি বা ই-মেইল না দিলেও টেলিফোনে অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি এসব রাষ্ট্রদূতকে দায়িত্ব দেওয়া হয়েছে অন্য মিশনগুলোকে এ তথ্য জানানো ও তদারকি করার জন্য।
এদিকে দক্ষিণ এশিয়া, আফ্রিকা ও ইউরোপের কয়েকটি মিশন এখনো আনুষ্ঠানিক নির্দেশনা পায়নি। তবে বিদেশের দুটি মিশনের প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন, তারা অন্য মিশনকে অবহিত করার পাশাপাশি ছবি সরানোর বিষয়টিও তদারকি করবেন।
