শিরোনাম

লোডশেডিংয়ে বিপর্যস্ত সিলেট: এসএসসি পরীক্ষার্থী ও ব্যবসায়ীদের চরম ভোগান্তি

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৬-০৪-২৩
ছবি: সংগৃহীত

সিলেটে জ্বালানি সংকটের প্রভাবে বেড়েছে লোডশেডিং, চরম ভোগান্তিতে জনজীবন। বিভাগের বিদ্যুতের চাহিদার তুলনায় ৫০ থেকে ৯০ মেগাওয়াট ঘাটতি থাকায় দিনের বড় একটি সময় বিদ্যুৎবিহীন থাকতে হচ্ছে বাসিন্দাদের। এর সরাসরি প্রভাব পড়ছে চলমান এসএসসি পরীক্ষার্থীদের ওপর, পাশাপাশি ব্যাহত হচ্ছে ব্যবসা-বাণিজ্য।

শিক্ষার্থীরা বলছেন, ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে নিয়মিত পড়াশোনায় বিঘ্ন ঘটছে। সিলেটের পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী তিথি হালদার জানায়, গুরুত্বপূর্ণ এই সময়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না থাকায় পড়ায় মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়েছে। অভিভাবকরাও আশঙ্কা করছেন, এমন পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে পরীক্ষার ফলাফলে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

এদিকে, বিদ্যুৎ সমস্যায় বিপাকে পড়েছেন বিভিন্ন পেশার মানুষ। ব্যবসায়ীরা জানান, দিন-রাত লোডশেডিং চলতে থাকায় নির্ধারিত সময়ের আগেই দোকানপাট বন্ধ করতে হচ্ছে। এতে আয়-রোজগারে বিরূপ প্রভাব পড়ছে। সরকারের নেওয়া পদক্ষেপগুলোর প্রত্যাশিত সুফল এখনো মেলেনি বলেও অভিযোগ তাদের।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, সিলেট বিভাগে পিক আওয়ারে দৈনিক বিদ্যুতের চাহিদা প্রায় ২২০ মেগাওয়াট। তবে সরবরাহ কম থাকায় গড়ে ৩৫ থেকে ৪০ শতাংশ পর্যন্ত লোডশেডিং করতে হচ্ছে।

এ বিষয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের প্রধান প্রকৌশলী মোহাম্মদ ইমাম হোসেন বলেন, বরাদ্দ অনুযায়ী প্রাপ্ত বিদ্যুৎ সম্পূর্ণই গ্রাহকদের মাঝে সরবরাহ করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্টরা কাজ করে যাচ্ছেন।

তবে প্রশ্ন থেকেই যাচ্ছে—কবে কমবে এই ভোগান্তি? দ্রুত কার্যকর সমাধান না এলে জনজীবনের পাশাপাশি শিক্ষাক্ষেত্রে এর প্রভাব আরও গভীর হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

 

error: Content is protected !!