রোজায় ইফতারে ছোলা রাখার ৭টি স্বাস্থ্য উপকারিতা

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৬-০৩-১১
ছবি: সংগৃহীত

ইফতারে ছোলা শুধু স্বাদের জন্য নয়, বরং এটি শরীরের জন্য অত্যন্ত পুষ্টিকর একটি খাবার। সারাদিন রোজা রাখার পর শরীরের ক্লান্তি দূর করতে এবং শক্তি ফিরে পেতে ছোলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উচ্চ পুষ্টিগুণের কারণে অনেকেই একে ‘গরিবের প্রোটিন’ বলেও উল্লেখ করেন।

বিশেষজ্ঞদের মতে, ছোলায় থাকা শর্করা ধীরে ধীরে হজম হয়। ফলে এটি দীর্ঘ সময় ধরে শরীরে শক্তি জোগায় এবং হঠাৎ দুর্বলতা বা অস্থিরতা কমাতে সাহায্য করে। মাত্র ১০০ গ্রাম ছোলায় প্রায় ১৭ গ্রাম প্রোটিন থাকে, যা শরীরের আমিষের ঘাটতি পূরণে সহায়ক এবং শরীরকে শক্তিশালী রাখতে ভূমিকা রাখে।

ছোলার গ্লাইসেমিক ইনডেক্স তুলনামূলকভাবে কম হওয়ায় এটি রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়ায় না। এ কারণে ডায়াবেটিস রোগীদের জন্যও এটি নিরাপদ খাবার হিসেবে বিবেচিত হয়।

এতে প্রচুর পরিমাণে খাদ্যআঁশ বা ফাইবার থাকায় হজমপ্রক্রিয়া ভালো রাখতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে কার্যকর। পাশাপাশি খাদ্যনালির ক্যানসারের ঝুঁকি কমাতেও এটি সহায়ক বলে মনে করা হয়। কাঁচা ছোলা আদার সঙ্গে খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে উপকার পাওয়া যায়।

ছোলায় থাকা ভিটামিন ‘বি’ স্নায়ুর দুর্বলতা কমাতে এবং মেরুদণ্ডের ব্যথা উপশমে ভূমিকা রাখতে পারে। এছাড়া এতে প্রোটিন ও ফ্যাটের পাশাপাশি ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন এ, বি১, বি২, ফসফরাস ও ম্যাগনেশিয়ামের মতো গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান রয়েছে, যা হাড় মজবুত রাখতে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ, ইফতারে ভাজা ছোলার পরিবর্তে সেদ্ধ বা কাঁচা ছোলা খাওয়া শরীরের জন্য বেশি উপকারী।

error: Content is protected !!