সিলেটে গ্যাস সংকট: মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: 2026-08-14
ছবি: সংগৃহীত

সিলেটে গ্যাস সংকটের প্রতিবাদে সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। শুক্রবার সকালে নগরের শিবগঞ্জ এলাকায় সুরমা অটো কেয়ার পাম্পের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। এতে সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

বিক্ষোভকারী শ্রমিকদের অভিযোগ, গ্যাস সংকটের কারণে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে পর্যাপ্ত গ্যাস পাওয়া যাচ্ছে না। ফলে গ্যাসচালিত যানবাহন চালানো সম্ভব হচ্ছে না। এতে কর্মহীন হয়ে পড়েছেন অনেক শ্রমিক।

এর আগে বুধবার জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড এক বিজ্ঞপ্তিতে জানায়, এলএনজি টার্মিনালের কারিগরি ত্রুটির কারণে জাতীয় পর্যায়ে প্রাকৃতিক গ্যাসের সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এর প্রভাবে জালালাবাদ গ্যাসের বিতরণ এলাকায়ও স্বাভাবিকের তুলনায় কম চাপ বিরাজ করছে।

বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটির গ্যাস ব্যবহার ৫০ শতাংশের মধ্যে সীমিত রাখার অনুরোধ জানানো হয়। অন্যথায় স্বাভাবিকভাবে গ্যাস সরবরাহ করা সম্ভব হবে না বলেও জানানো হয়।

এদিকে, গ্যাস সংকটের কারণে সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন ও কনভারশন ওয়ার্কশপ অনার্স অ্যাসোসিয়েশন, সিলেট বিভাগ। বৃহস্পতিবার সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, সিএনজি অ্যাসোসিয়েশন সিলেট বিভাগ ও জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৩ আগস্ট সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী পাঁচ দিন প্রতিদিন সকাল ৮টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ থাকবে।

এ সিদ্ধান্তের পর থেকেই ক্ষোভ প্রকাশ করছেন শ্রমিকরা। তাদের দাবি, ফিলিং স্টেশন বন্ধ থাকলে আয়-রোজগার বন্ধ হয়ে যায় এবং পরিবার নিয়ে বিপাকে পড়তে হয়।

ফিলিং স্টেশন মালিক সমিতির দায়িত্বশীলরা জানান, সকাল ৮টার পর স্টেশনগুলোতে গ্যাস সরবরাহের কথা থাকলেও বাস্তবে এখনো গ্যাসের চাপ খুবই কম। বিষয়টি জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষকে জানানো হবে।

মালিকদের কেউ কেউ বলছেন, কোনো ধরনের আগাম নোটিশ ছাড়াই সন্ধ্যা ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত জনভোগান্তি বাড়াতে পারে। বিশেষ করে সিএনজিচালিত যানবাহনের চালক ও যাত্রীরা এতে সমস্যায় পড়বেন।

তাদের মতে, গ্যাস সংকটের কারণে এমন সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হলে আগে থেকেই সাধারণ মানুষকে জানানো এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে সমন্বয় করা উচিত ছিল। তবে জনদুর্ভোগ কমাতে নগরের গুরুত্বপূর্ণ কয়েকটি সিএনজি ফিলিং স্টেশন খোলা রাখা হয়েছে বলে জানিয়েছেন মালিকরা।

error: Content is protected !!