বিশ্বের সবচেয়ে সুন্দর স্টেডিয়ামের তালিকায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

: খেলা ডেস্ক
প্রকাশ: ২০২৫-১০-২৪
ছবি সংগৃহীত

ইংল্যান্ডের ক্রিকেটভিত্তিক গণমাধ্যম ক্রিকেট ৩৬৫ বিশ্বের সবচেয়ে সুন্দর ক্রিকেট স্টেডিয়ামের তালিকা প্রকাশ করেছে। সাতটি স্টেডিয়ামের সেই তালিকায় জায়গা পেয়েছে বাংলাদেশের সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।

প্রতিবেদনে সিলেট স্টেডিয়াম সম্পর্কে বলা হয়েছে—বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে পাহাড় ও সবুজ চা-বাগানের মাঝখানে অবস্থিত এই স্টেডিয়ামটি চোখের জন্য এক অপূর্ব সৌন্দর্যের স্থান। মাঠের চারপাশের মনোমুগ্ধকর সবুজ পরিবেশ দেখে মনে হয়, যেন প্রকৃতির কোলে কোনো সবুজ স্বর্গে ক্রিকেট খেলা চলছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, “সিলেটের মনোরম প্রাকৃতিক দৃশ্য বিশেষ করে সকাল বা সন্ধ্যার খেলায় অনন্য রূপ নেয়। তখন পাহাড়ে কুয়াশা জমে থাকে, আর গোধূলির আলোয় মাঠটি হয়ে ওঠে অপূর্ব মনোমুগ্ধকর।”

২০০৭ সালে নির্মিত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম আন্তর্জাতিক অঙ্গনে আত্মপ্রকাশ করে ২০১৪ সালের ১৭ মার্চ, টি–টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচের মাধ্যমে। এরপর থেকে বিসিবি এখানে আয়োজন করেছে নানা আন্তর্জাতিক সিরিজ, বিপিএলসহ অসংখ্য গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট।

ক্রিকেট ৩৬৫–এর প্রকাশিত বিশ্বের সবচেয়ে সুন্দর ক্রিকেট স্টেডিয়ামের তালিকায় আরও রয়েছে—
দক্ষিণ আফ্রিকার নিউল্যান্ডস ক্রিকেট স্টেডিয়াম,
অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ওভাল,
ভারতের ধর্মশালা এইচপিসিএ স্টেডিয়াম,
পাকিস্তানের গওয়াদর ক্রিকেট স্টেডিয়াম,
ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম,
এবং ইংল্যান্ডের লর্ডস ক্রিকেট স্টেডিয়াম।

 

  • সিলেট
  • স্টেডিয়াম
  • error: Content is protected !!