গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটগ্রহণের আগে ও পরে মোট সাড়ে ৮১ ঘণ্টা নিজ নির্বাচনী এলাকার বাইরে অবস্থান করার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (৯ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত নির্দেশনা জারি করে দেশের সব জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং মহানগর পুলিশের কমিশনারদের কাছে পাঠানো হয়েছে। ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত ওই নির্দেশনায় নিষেধাজ্ঞা বাস্তবায়নের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।
নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার স্বার্থে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তি, নির্বাচন কমিশনের অনুমোদিত ব্যক্তি এবং সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা বা ভোটার ছাড়া অন্য কেউ ওই এলাকায় অবস্থান করতে পারবেন না।
এ নিষেধাজ্ঞা ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে থেকে কার্যকর হবে এবং ভোটগ্রহণ শেষ হওয়ার ২৪ ঘণ্টা পর পর্যন্ত বলবৎ থাকবে। নির্ধারিত সময় অনুযায়ী আগামী ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা থেকে ১৩ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এই নির্দেশনা কার্যকর থাকবে।
উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সারাদেশে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
