শিরোনাম

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১০ উপদেষ্টার দায়িত্ব বণ্টন

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৬-০২-২৪
ছবি: সংগৃহীত

 

প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক মন্ত্রী–প্রতিমন্ত্রীর মর্যাদায় নিয়োগ পাওয়া ১০ উপদেষ্টার মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়েছে। আজ মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। রুলস অব বিজনেস অনুযায়ী, প্রধানমন্ত্রী নিজ দায়িত্বে এই দায়িত্ব বণ্টন করেছেন।

মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টাদের মধ্যে মির্জা আব্বাস উদ্দিন আহমেদ (মির্জা আব্বাস), নজরুল ইসলাম খান ও রুহুল কবীর রিজভী আহমেদকে রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া, মো. ইসমাইল জবিউল্লাহকে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং রাশেদ আল মাহমুদ তিতুমীরকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয়েছে।

অপর দিকে প্রতিমন্ত্রী পদমর্যাদায় দায়িত্ব পাওয়া উপদেষ্টাদের মধ্যে হুমায়ুন কবিরকে পররাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলামকে প্রতিরক্ষা মন্ত্রণালয়; জাহেদ উর রহমানকে পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি; মাহাদি আমিনকে শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়; আর রেহান আসিফ আসাদকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রী–প্রতিমন্ত্রীর পদমর্যাদায় এই ১০ জনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন এবং ২৫ জন পূর্ণ মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রীও শপথ নেন।

error: Content is protected !!