সিলেটের জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদাপাথরে পর্যটকবাহী নৌকা ছাড়া অন্য সবধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন। বালু ও পাথর লুট রোধে শুক্রবার বিকেলে মাইকিং করে এই নির্দেশনা কার্যকর করা হয়।
নির্দেশনায় জানানো হয়েছে, ধলাই সেতুর ৫০০ মিটার নিচ থেকে শুরু করে সাদাপাথর পর্যটনকেন্দ্র পর্যন্ত শুধুমাত্র পর্যটকবাহী নৌকা চলাচল করতে পারবে। এ এলাকায় অন্য কোনো নৌযান চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।
প্রশাসনের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দীর্ঘদিন ধরে ধলাই সেতু এলাকার আশপাশে বালু এবং সাদাপাথর অঞ্চল থেকে পাথর লুটের ঘটনা ঘটছিল। এসব অনিয়ম ঠেকাতেই নতুন এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ সামাজিক যোগাযোগমাধ্যমে নির্দেশনার ভিডিও শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন, ঘোষণার পর থেকেই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
