শিরোনাম

স্কলার্সহোম শিক্ষার্থীর আত্মহত্যা: তদন্তে জেলা প্রশাসন, গঠিত তিন সদস্যের কমিটি

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৫-০৯-২৩
ছবি সংগৃহীত

সিলেটের স্কলার্সহোম শাহী ঈদগাহ ক্যাম্পাসের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আজমান আহমেদ দানিয়াল (১৯)-এর আত্মহত্যার ঘটনায় তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন। এ জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) সিলেট জেলা প্রশাসক মো. সারওয়ার আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পদ্মাসেন সিংহকে আহ্বায়ক করে গঠিত কমিটির অন্য দুই সদস্য হচ্ছেন সিলেট মহানগর পুলিশের একজন প্রতিনিধি এবং জেলা শিক্ষা কর্মকর্তা। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, আজমান আহমেদ দানিয়ালের আত্মহত্যার প্রকৃত কারণ অনুসন্ধান এবং এ ঘটনায় সৃষ্ট পরিস্থিতি পর্যালোচনা করে বিস্তারিত প্রতিবেদন দিতে হবে।

উল্লেখ্য, গত বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে দানিয়ালের মরদেহ নিজ বাসা থেকে উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা হিসেবে ধারণা করা হলেও বিষয়টি নিয়ে অধিকতর তদন্ত চলছে।

এ ঘটনার পর থেকেই স্কলার্সহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে শিক্ষার্থী, অভিভাবক ও সাবেক শিক্ষার্থীরা। তাদের অভিযোগ—প্রতিষ্ঠানটিতে দক্ষ শিক্ষকের ঘাটতি রয়েছে, শিক্ষার্থী খারাপ করলে ছাড়পত্র দিয়ে বের করে দেওয়া হয় এবং কর্তৃপক্ষ শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে খারাপ আচরণ করে থাকে।

ঘটনার প্রেক্ষিতে গত রবিবার শিক্ষার্থীরা শাহী ঈদগাহ ক্যাম্পাসে আন্দোলনে নামেন। তারা উপাধ্যক্ষের অপসারণসহ পাঁচ দফা দাবি উত্থাপন করেন। আন্দোলনের মুখে উপাধ্যক্ষ আশরাফ হোসেন চৌধুরী পদত্যাগ করেন এবং কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের দাবিগুলো বাস্তবায়নের লিখিত আশ্বাস দেয়।

পরবর্তীতে শিক্ষার্থীরা দাবি বাস্তবায়নের অঙ্গীকারপত্র হাতে পেয়ে সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টা পর্যন্ত আন্দোলন কর্মসূচি স্থগিত রাখার ঘোষণা দেন।

 

error: Content is protected !!