শিরোনাম

শেরপুর সেতু তিনদিন আংশিক ও পূর্ণ বন্ধ, বিকল্প সড়ক ব্যবহারের নির্দেশনা

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৬-০৪-২৩

সিলেট-ঢাকা মহাসড়কের গুরুত্বপূর্ণ সংযোগস্থল শেরপুর সেতু সংস্কার কাজের জন্য সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে। কুশিয়ারা নদীর ওপর নির্মিত এ সেতুটি সিলেট ও মৌলভীবাজার জেলার মধ্যে যোগাযোগের প্রধান মাধ্যম।

সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জরুরি মেরামতের অংশ হিসেবে আগামী শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ৮টা থেকে রবিবার (২৬ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত সেতুটিতে সংস্কার কাজ চলবে।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত সেতুতে এক লেনে যান চলাচল সীমিত রাখা হবে। এরপর শুক্রবার রাত ১১টা থেকে শনিবার সকাল ৯টা পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। শনিবার সকাল ৯টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত আবারও এক লেনে সীমিতভাবে যান চলাচলের সুযোগ থাকবে। কাজ শেষ হলে রবিবার সকাল ৮টার পর সেতুটি স্বাভাবিকভাবে যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে।

এ সময় যানজট এড়াতে বিকল্প সড়ক ব্যবহারের নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন। শায়েস্তাগঞ্জ-শেরপুর-সিলেট রুটের যানবাহনকে শায়েস্তাগঞ্জ-মিরপুর (বাহুবল)-শ্রীমঙ্গল-মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ হয়ে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া শেরপুর (মৌলভীবাজার) থেকে সিলেটগামী যানবাহনকে মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ সড়ক ব্যবহার করতে বলা হয়েছে। অন্যদিকে ঢাকা-সিলেট-সুনামগঞ্জ রুটের যানবাহনকে নবীগঞ্জের সৈয়দপুর বাজার-রানীগঞ্জ-জগন্নাথপুর হয়ে সুনামগঞ্জে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।

সংস্কার কাজ চলাকালে যাত্রী ও চালকদের বিকল্প পথ ব্যবহার করে ভ্রমণ পরিকল্পনা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনুরোধ জানিয়েছে।

 

error: Content is protected !!