২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ফের চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা
:
বালাগঞ্জের আওয়াজ প্রকাশ: ২০২৬-০৬-২৫
ছবি : সংগৃহীত
প্রায় দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও ট্যুরিস্ট ভিসা কার্যক্রম চালু করতে যাচ্ছে ভারত। আগামী ২৮ জুন থেকে পর্যটন ভিসা প্রদান শুরু হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
জানা গেছে, প্রাথমিকভাবে দেশের পাঁচটি ভিসা আবেদন কেন্দ্র থেকে ট্যুরিস্ট ভিসা দেওয়া হবে। এসব কেন্দ্র হলো ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট ও রাজশাহী। পর্যায়ক্রমে অন্যান্য ভিসা কেন্দ্রও চালু করা হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে ভারত সাময়িকভাবে সব ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম স্থগিত করেছিল। পরবর্তীতে কূটনৈতিক ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে একই বছরের ২১ ডিসেম্বর থেকে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোর কার্যক্রম এবং ট্যুরিস্ট ভিসা প্রদান সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়।
দীর্ঘ বিরতির পর পর্যটন ভিসা কার্যক্রম পুনরায় চালুর সিদ্ধান্তে ভারত ভ্রমণেচ্ছু বাংলাদেশিদের মধ্যে স্বস্তি ফিরবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।