দেশের কৃষকদের জন্য নতুন উদ্যোগ হিসেবে ‘কৃষক কার্ড’ কর্মসূচি প্রাথমিকভাবে দেশের আট বিভাগের নয়টি উপজেলায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (৪ মার্চ) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কর্মসূচির প্রাক-পাইলট পর্যায়ে আগামী ৪৫ দিনের মধ্যে সব শ্রেণির কৃষকের তথ্য সংগ্রহ করা হবে। এরপর পরীক্ষামূলকভাবে দেশের আট বিভাগের নির্বাচিত নয়টি উপজেলার নয়টি ব্লকে কৃষকদের মধ্যে ‘কৃষক কার্ড’ বিতরণ করা হবে।
প্রাথমিকভাবে যেসব উপজেলায় এ কর্মসূচি চালু হবে সেগুলো হলো—মৌলভীবাজারের জুড়ী, টাঙ্গাইল সদর, বগুড়ার শিবগঞ্জ, পঞ্চগড় সদর, জামালপুরের ইসলামপুর, ঝিনাইদহের শৈলকুপা, পিরোজপুরের নেছারাবাদ, কুমিল্লা সদর এবং কক্সবাজারের টেকনাফ।
প্রেসসচিব আরও জানান, প্রাক-পাইলট ও পাইলট পর্যায়ের কার্যক্রম শেষ হওয়ার পর পর্যায়ক্রমে আগামী চার বছরের মধ্যে দেশের সব উপজেলায় ‘কৃষক কার্ড’ কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
আগামী ১৪ এপ্রিল পরীক্ষামূলকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।