শিরোনাম

নির্দেশনা পেলেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনায় প্রস্তুত সেনাবাহিনী: কর্নেল শফিকুল

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৫-০৭-০৩

নির্বাচন নিয়ে এখনো সেনাবাহিনীকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি নির্বাচন কমিশন (ইসি)। তবে নির্দেশনা পেলে সেনাবাহিনী অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সেনাসদরের সামরিক অপারেশন পরিদফতরের কর্নেল স্টাফ কর্নেল শফিকুল ইসলাম।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে বনানীর সেনা সদরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

গত কয়েক সপ্তাহে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ভূমিকা তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে কর্নেল শফিকুল ইসলাম বলেন, নির্বাচনের আগেই দেশব্যাপী ছড়িয়ে থাকা অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী। এরই মধ্যে লুট হওয়া অস্ত্রের প্রায় ৮০ শতাংশ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, গত দুই সপ্তাহে সেনাবাহিনী ২৬টি অবৈধ অস্ত্র, ১০০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে এবং ৪৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এছাড়া গত মাসে ৫৬ জনসহ ৫ আগস্টের পর থেকে এখন পর্যন্ত ৪ শতাধিক কিশোর গ্যাং সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে পাহাড়ে শান্তি রক্ষায়ও সেনাবাহিনী অভিযান চালিয়ে যাচ্ছে।

কর্নেল শফিকুল বলেন, ৫ আগস্টের পর থেকে এখন পর্যন্ত ৮০ শতাংশ অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়েছে। শুধুমাত্র গত দুই সপ্তাহে চট্টগ্রাম অঞ্চল থেকে ১৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার ও ২৩ জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। আগের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার বিরুদ্ধে সেনাবাহিনী সবসময় প্রস্তুত ও সচেতন আছে এবং থাকবে।

গুমের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, যদি কোনো সেনা সদস্য জড়িত থাকেন এবং তদন্তে তার দোষ প্রমাণিত হয়, তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সাম্প্রতিক মব-সংক্রান্ত বিষয়ে কর্নেল শফিকুল বলেন, সেনাবাহিনী এর আগেও মবের বিরুদ্ধে তাদের অবস্থান স্পষ্ট করেছে। তবে এবার মব সহিংসতার বিরুদ্ধে আরও কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সেনাবাহিনী মব সহিংসতার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে যাচ্ছে।

এ ছাড়া, রোহিঙ্গাদের একটি সশস্ত্র গোষ্ঠীকে বাংলাদেশ সেনাবাহিনী প্রশিক্ষণ দিচ্ছে বলে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ যে অভিযোগ তুলেছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন বলেও মন্তব্য করেন কর্নেল শফিকুল ইসলাম।

  • ইসি_নির্দেশনা
  • কর্ণেল_শফিকুল
  • নির্বাচন_২০২৫
  • বাংলাদেশ_নির্বাচন
  • সেনাবাহিনী
  • error: Content is protected !!