পাঁচ বছরে এক কোটি দক্ষ কর্মী বিদেশে পাঠানোর পরিকল্পনা সরকারের

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: 2026-10-29
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে আগামী পাঁচ বছরে এক কোটি দক্ষ শ্রমিক তৈরি করে বিদেশে পাঠানোর পরিকল্পনা নিয়েছে সরকার। আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের চাহিদা বাড়াতে দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

বুধবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একাডেমিতে বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম ও কর্মসংস্থান উদ্যোগ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এদিন আনসার-ভিডিপির কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি নবনির্মিত ‘প্রান্তিক শক্তি প্রশিক্ষণ কেন্দ্র’ (পিএসটিসি), ‘প্রান্তিক ট্রাভেলস’ এবং আনসার ব্যাংকের বিদেশ গমন ঋণ ও শেয়ার কার্যক্রমের উদ্বোধন করা হয়। একই সঙ্গে ডিজিটাল ফেসিয়াল অ্যাটেনডেন্স সিস্টেম চালু এবং বাহিনীর সহযোগী প্রতিষ্ঠান ‘প্রান্তিক শক্তি লিমিটেড’-এর কাছে আনুষ্ঠানিকভাবে রিক্রুটিং লাইসেন্স হস্তান্তর করেন মন্ত্রী।

বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি লাইসেন্স হস্তান্তর করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

মন্ত্রী বলেন, সরকার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে রিক্রুটিং এজেন্সির লাইসেন্স দিয়েছে। এর ফলে অন্যান্য রিক্রুটিং এজেন্সির পাশাপাশি আনসার-ভিডিপিও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী বিদেশে পাঠানোর সুযোগ পাবে।

তিনি বলেন, অবৈধ পথে বিদেশ যাওয়ার ঝুঁকি থেকে মানুষকে রক্ষা করা জরুরি। দালালদের প্রলোভনে পড়ে অনেকে অবৈধভাবে বিদেশ যাওয়ার চেষ্টা করেন এবং প্রতারণাসহ নানা বিপদের মুখে পড়েন। এ ধরনের পরিস্থিতি এড়াতে বৈধ পথে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং প্রবাসীদের নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সরকার কাজ করছে।

আরিফুল হক চৌধুরী আরও বলেন, দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে কর্মীদের উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। এতে আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ বাড়বে। একই সঙ্গে রিক্রুটিং এজেন্সিগুলোর মধ্যে সুস্থ প্রতিযোগিতা নিশ্চিত করা এবং বিদেশগামী কর্মীদের প্রতারণার হাত থেকে রক্ষার বিষয়েও গুরুত্ব দেওয়া হবে। এসব উদ্যোগ বাস্তবায়নে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।

এর আগে একাডেমিতে পৌঁছে মন্ত্রী বৃক্ষরোপণ করেন। পরে তিনি প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে সংক্ষিপ্ত ব্রিফিং নেন। এরপর নবনির্মিত প্রান্তিক শক্তি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন এবং একাডেমির গার্মেন্টস কারখানা, প্যান্ট্রি, বিভিন্ন প্রশিক্ষণকেন্দ্র ও কার্যক্রম পরিদর্শন করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে আনসার-ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, বাহিনীর ৬০ লাখ সদস্যের জীবনমান উন্নয়নে বৈদেশিক কর্মসংস্থানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় প্রশিক্ষণ সক্ষমতা আধুনিকায়ন করা হয়েছে।

তিনি আরও বলেন, জাপানের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রধানমন্ত্রীর জাপান সফরকে কেন্দ্র করে সৃষ্ট প্রায় দুই লাখ কর্মসংস্থানের সম্ভাবনা কাজে লাগাতে আনসার-ভিডিপির প্রশিক্ষিত জনবল প্রস্তুত রয়েছে।

error: Content is protected !!