সিলেটে মুহূর্তেই ট্রেনের টিকিট শেষ, তদন্তে পিবিআই

: অনলাইন ডেস্ক
প্রকাশ: 2026-10-08
ছবি: সংগৃহীত

সিলেট থেকে ঢাকা ও চট্টগ্রামগামী ট্রেনের টিকিট অনলাইনে প্রকাশের কয়েক মিনিটের মধ্যেই শেষ হয়ে যাওয়ার ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। টিকিট কালোবাজারি ও মজুদদারির সম্ভাবনা খতিয়ে দেখতে আদালতের স্বপ্রণোদিত মামলার তদন্তভার পেয়েছে সংস্থাটি।

সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল নোমান বিষয়টি সন্দেহজনক মনে করে গত সেপ্টেম্বরের শেষ দিকে স্বপ্রণোদিত হয়ে মামলা করেন। এজাহারে ট্রেনের টিকিট নিয়ে কালোবাজারি ও মজুদদারির মতো অপরাধ সংঘটিত হয়ে থাকতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) মামলার নথিপত্র পিবিআইয়ের কাছে পৌঁছেছে। মামলাটি তদন্ত করছেন পিবিআই সিলেটের উপপরিদর্শক (এসআই) আবদুল আহাদ। তিনি জানিয়েছেন, আদালতের স্বপ্রণোদিত হয়ে দায়ের করা মামলাটির তদন্ত কার্যক্রম তিনি পরিচালনা করছেন।

জানা গেছে, সিলেট থেকে ঢাকায় উপবন, কালনী, জয়ন্তিকা ও পারাবত এক্সপ্রেস এবং চট্টগ্রাম রুটে পাহাড়িকা ও উদয়ন এক্সপ্রেস চলাচল করে। এসব ট্রেনের টিকিট অনলাইন প্ল্যাটফর্মে ছাড়ার পর কয়েক মিনিটের মধ্যেই বিক্রি হয়ে যায়। বিষয়টি আদালতের নজরে এলে তা নিয়ে সন্দেহের সৃষ্টি হয়।

আদালতের পর্যবেক্ষণে অনলাইনে টিকিট উন্মুক্ত হওয়ার অল্প সময়ের মধ্যে সব টিকিট বিক্রি হয়ে যাওয়ার বিষয়টি অস্বাভাবিক বলে মনে হয়। এর পরিপ্রেক্ষিতেই কালোবাজারি ও টিকিট মজুদের সম্ভাবনা খতিয়ে দেখতে মামলাটি করা হয়।

এ বিষয়ে সিলেট রেলস্টেশনের ব্যবস্থাপক নুরুল ইসলাম বলেন, রেলের টিকিট অনলাইনের মাধ্যমেই কিনতে হয়। তবে কেউ কেউ সরাসরি কাউন্টার থেকেও টিকিট সংগ্রহ করেন। টিকিট বিক্রির প্রক্রিয়ায় স্টেশন কর্তৃপক্ষের কোনো নিয়ন্ত্রণ নেই।

মামলার তদন্ত শুরু হওয়ায় টিকিট প্রকাশের পর দ্রুত শেষ হয়ে যাওয়ার পেছনে কোনো অনিয়ম, কালোবাজারি বা মজুদদারি রয়েছে কি না, তা খতিয়ে দেখবে পিবিআই।

error: Content is protected !!