ছবি: সংগৃহীত
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর রাজধানীর বাজারে বেড়েছে বিভিন্ন ধরনের সবজি ও মাছের দাম। এক সপ্তাহের ব্যবধানে এসব পণ্যের দাম কেজিতে ৫ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। তবে মুরগির দাম আগের মতোই রয়েছে।
রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, সবজির মধ্যে সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে বেগুন। এক সপ্তাহ আগে ৮০ থেকে ১৪০ টাকা কেজি দরে বিক্রি হলেও এখন তা ১০০ থেকে ১৬০ টাকায় উঠেছে।
এ ছাড়া আলু ৩০ টাকা, বরবটি ১০০ টাকা এবং করলা, ঢেঁড়শ ও পটল ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাঁচামরিচের দাম রয়েছে ১৪০ থেকে ১৬০ টাকা এবং পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে।
অন্যদিকে, দেড় মাস আগে দাম বাড়ার পর মাছ, মুরগি ও ডিমের বাজারে তেমন স্বস্তি ফেরেনি। বর্তমানে ব্রয়লার মুরগি ১৮০ থেকে ২০০ টাকা, সোনালি মুরগি ৩২০ টাকা এবং দেশি মুরগি ৬০০ থেকে ৬৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
ডিমের দামও বেড়েছে। প্রতি ডজনে ৫ থেকে ১০ টাকা বাড়িয়ে এখন ১৫০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে।
মাছের বাজারেও একই চিত্র দেখা গেছে। আকারভেদে রুই মাছ ৪০০ থেকে ৬০০ টাকা এবং পাঙ্গাস ২২০ থেকে ২৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এদিকে, বোতলজাত সয়াবিন তেলের দামও লিটারে ৪ টাকা বেড়েছে। বর্তমানে দুই লিটারের একটি বোতল ৪০৮ টাকায় বিক্রি হচ্ছে।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর পরিবহন ব্যয়সহ বিভিন্ন খাতে খরচ বাড়ায় বাজারে এর প্রভাব পড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
