ছবি : সংগৃহীত
টানা বর্ষণ এবং ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রভাবে সুনামগঞ্জ জেলার নদ-নদীর পানি ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। পরিস্থিতি একইভাবে অব্যাহত থাকলে জেলায় স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
শুক্রবার (১০ জুলাই) সকালে পাউবোর সর্বশেষ তথ্য অনুযায়ী, সুরমা নদীর পানি আরও ১০ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৫০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সঙ্গে সীমান্তবর্তী যাদুকাটা, বৌলাই, রক্তি ও পাটলাই নদীর পানিও বাড়ছে।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ভারতের চেরাপুঞ্জি এলাকায় টানা বৃষ্টিপাতের কারণে উজান থেকে নেমে আসা ঢলে জেলার নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে ৭০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা নদীর পানি বৃদ্ধিতে আরও ভূমিকা রেখেছে।
সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় জেলা প্রশাসন আগাম প্রস্তুতি গ্রহণ করেছে। প্রতিটি উপজেলায় আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি স্বেচ্ছাসেবক ও মেডিকেল টিম গঠন, বিশুদ্ধ পানি সরবরাহের জন্য পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট মজুত, নৌযান প্রস্তুত রাখা এবং সার্বক্ষণিক তথ্য আদান-প্রদানের জন্য একটি কন্ট্রোল রুম চালু করা হয়েছে। সংশ্লিষ্ট সব দপ্তরকে সতর্ক অবস্থায় থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী-২ এমদাদুল হক বলেন, চেরাপুঞ্জি এলাকায় বৃষ্টিপাত কমে এলে উজানের ঢলও কমবে এবং এর প্রভাবে সুনামগঞ্জের নদ-নদীর পানির স্তর ধীরে ধীরে হ্রাস পেতে শুরু করবে।
