শিরোনাম

সড়কে শৃঙ্খলা ফেরাতে সিলেটে পুলিশের বিশেষ অভিযান: দুই দিনে ২২২ যানবাহন আটক, ৯৪ মামলা

: অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০২৫-১০-২৩
ছবি সংগৃহীত

সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সিলেটে চলছে পুলিশের বিশেষ অভিযান। গত দুই দিনে (মঙ্গলবার ও বুধবার) সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগ ও বিভিন্ন থানার যৌথ অভিযানে ২২২টি যানবাহন আটক এবং ট্রাফিক আইন লঙ্ঘনসহ নানা অভিযোগে ৯৪টি মামলা দায়ের করা হয়েছে।

এসএমপি সূত্রে জানা গেছে, অভিযানে যেসব যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে— ব্যাটারিচালিত রিকশা ৭৪টি, টেম্পু ২টি, সিএনজি অটোরিকশা ৩৪টি, লেগুনা ১টি, মোটরসাইকেল ৫১টি, মাইক্রোবাস ১টি, কার ১টি, ট্রাক ১টি, পিকআপ ২টি এবং পায়ে চালিত রিকশা ৫৫টি।

এ ছাড়া দায়ের করা ৯৪টি মামলার মধ্যে রয়েছে— ৪১টি সিএনজি অটোরিকশা, ৪৭টি মোটরসাইকেল, ১টি মাইক্রোবাস, ৪টি কার এবং ১টি ট্রাকের বিরুদ্ধে মামলা।

এর আগে গত ২০ সেপ্টেম্বর এসএমপি নগরীতে পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে আট দফা নির্দেশনা জারি করে। ওই নির্দেশনায় রেজিস্ট্রেশনবিহীন ব্যাটারিচালিত রিকশা চলাচল, অননুমোদিত স্থানে পার্কিং, হেলমেটবিহীন মোটরসাইকেল চালানো, সড়কে যত্রতত্র যাত্রী ওঠানামা এবং অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

অভিযান প্রসঙ্গে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “দুই দিনের অভিযানে ২২২টি যানবাহন আটক ও ৯৪টি মামলা করা হয়েছে। যাদের ড্রাইভিং লাইসেন্স, গাড়ির কাগজপত্র নেই কিংবা জারি করা নির্দেশনা অমান্য করেছেন— তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হয়েছে। নগরীর সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।”

 

error: Content is protected !!