সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী। রোববার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, সিলেট সিটি করপোরেশন-এর প্রশাসক হিসেবে আব্দুল কাইয়ুম চৌধুরীকে নিয়োগ দেওয়া হয়েছে। একই আদেশে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-এর প্রশাসক হিসেবে মো. আব্দুস সালাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন-এর দায়িত্ব দেওয়া হয়েছে মো. শফিকুল ইসলাম খানকে।
এ ছাড়া খুলনা সিটি করপোরেশন-এ নজরুল ইসলাম মঞ্জু, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন-এ মো. সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি করপোরেশন-এর প্রশাসক হিসেবে মো. শওকত হোসেন সরকারকে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী সংশ্লিষ্ট সিটি করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা নিজ নিজ সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।
নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং বিধি অনুযায়ী ভাতা গ্রহণ করবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

ছবি: সংগৃহীত
