বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দল থেকে বাদ দেওয়ার ঘটনায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সব খেলা ও সংশ্লিষ্ট অনুষ্ঠান সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। মন্ত্রণালয়ের সহকারী সচিব ফিরোজ খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আয়োজিত আগামী ২৬ মার্চ ২০২৬ থেকে শুরু হতে যাওয়া আইপিএলে মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার বিষয়টি সরকারের নজরে এসেছে। তবে এই সিদ্ধান্তের পেছনে কোনো যৌক্তিক কারণ এখনো জানা যায়নি।
মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, বিসিসিআইয়ের এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণের মধ্যে ক্ষোভ, হতাশা ও মর্মবেদনার সৃষ্টি করেছে। এ প্রেক্ষাপটে জনস্বার্থে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএলের সব খেলা ও অনুষ্ঠান প্রচার ও সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, আসন্ন আইপিএলে মুস্তাফিজের অংশগ্রহণ নিয়ে গত কয়েক দিন ধরেই উত্তেজনা বিরাজ করছিল। ভারতের কয়েকটি কট্টর হিন্দুত্ববাদী সংগঠনের চাপের মুখে শনিবার (৩ জানুয়ারি) বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া মুস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দেন বলে অভিযোগ ওঠে। এর পরপরই কেকেআর কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তাকে স্কোয়াড থেকে বাদ দেয়।
বিনা কারণেই এবং অক্রীড়াসুলভ আচরণের মাধ্যমে বাংলাদেশের এই সফল পেসারকে বাদ দেওয়ায় দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। এর আগে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলও ঘটনার নিন্দা জানিয়ে আইপিএল সম্প্রচার বন্ধের আহ্বান জানিয়েছিলেন। শেষ পর্যন্ত সেই আহ্বানের পরিপ্রেক্ষিতেই সরকারিভাবে সম্প্রচার বন্ধের কঠোর সিদ্ধান্ত নেওয়া হলো।
