ছবি : সংগৃহীত
সিলেট বিভাগে সন্দেহজনক হাম রোগের প্রকোপ অব্যাহত রয়েছে। সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চার মাস বয়সী আরও এক শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশুটির বাড়ি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায়। চিকিৎসকদের ধারণা, শিশুটি সন্দেহজনক হামে আক্রান্ত ছিল।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ল্যাব পরীক্ষায় সিলেট বিভাগে নতুন করে আরও ১৫ জনের শরীরে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। একই সময়ে সন্দেহজনক উপসর্গ নিয়ে নতুন করে ৮৭ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪১ জন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৭ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ২০ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৮ জন এবং রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ১ জন চিকিৎসাধীন হয়েছেন।
সব মিলিয়ে বর্তমানে সিলেট বিভাগের সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হামে আক্রান্ত মোট ২৬৫ জন রোগী চিকিৎসা নিচ্ছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মোট ৮৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হামে মারা গেছেন ৮০ জন এবং পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছেন ৪ জন।
জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সবচেয়ে বেশি ৩৭ জনের মৃত্যু হয়েছে সুনামগঞ্জে। এর মধ্যে ৩৬ জন সন্দেহজনক এবং ১ জন নিশ্চিত হামে আক্রান্ত ছিলেন। সিলেট জেলায় মারা গেছেন ৩০ জন, যার মধ্যে ২৮ জন সন্দেহজনক এবং ২ জন নিশ্চিত হামে আক্রান্ত ছিলেন। মৌলভীবাজার জেলায় মোট ১১ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ১০ জন সন্দেহজনক ও ১ জন নিশ্চিত হামে আক্রান্ত ছিলেন। এছাড়া হবিগঞ্জ জেলায় প্রাণ হারিয়েছেন ৬ জন।
