শিরোনাম

২০২৬ সালের হজ কার্যক্রম রোডম্যাপ অনুযায়ী এগোচ্ছে: ধর্ম উপদেষ্টা

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৬-০১-২৮

২০২৬ সালের হজ কার্যক্রম নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, হজ ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে হজযাত্রীদের জন্য বাড়িভাড়া চুক্তি সম্পাদনে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই শতভাগ চুক্তি সম্পন্ন করার লক্ষ্যে তদারকি জোরদার করা হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন তিনি।

ধর্ম উপদেষ্টা জানান, আসন্ন হজ মৌসুমে দেশের হজযাত্রীদের জন্য মক্কা ও মদিনায় বাড়িভাড়া চুক্তির বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এ লক্ষ্যে সব হজ এজেন্সিকে নির্ধারিত সময়সীমার মধ্যে চুক্তি সম্পাদনের জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। ইতোমধ্যে মক্কা ও মদিনায় উল্লেখযোগ্য সংখ্যক হজযাত্রীর জন্য বাড়িভাড়া চুক্তি সম্পন্ন হয়েছে। অবশিষ্ট হজযাত্রীদের ক্ষেত্রেও নির্ধারিত ডেডলাইনের মধ্যেই চুক্তি শেষ করতে সংশ্লিষ্ট এজেন্সিগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

সাক্ষাৎকালে সৌদি রাষ্ট্রদূত সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে রোডম্যাপ অনুসরণ করে বাড়িভাড়া চুক্তি সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বাংলাদেশের সার্বিক হজ কার্যক্রমের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।

এ সময় ধর্ম উপদেষ্টা এ বছর বাংলাদেশের হজযাত্রী কোটা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সৌদি রাষ্ট্রদূতকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। পাশাপাশি দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাতে ধর্ম সচিব মো. কামাল উদ্দিন, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. আয়াতুল ইসলাম এবং যুগ্মসচিব ড. মো. মঞ্জুরুল হক উপস্থিত ছিলেন।

error: Content is protected !!