শিরোনাম

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ঢাকায় আসছেন যেসব দেশের প্রতিনিধি

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৬-০২-১৫

বাংলাদেশের নতুন সরকারের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে অংশ নিতে ভুটানের প্রধানমন্ত্রী, নেপাল ও মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা ঢাকায় আসছেন। তবে অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, ভারতের প্রধানমন্ত্রী শপথ অনুষ্ঠানে অংশ নিতে না পারলেও দেশটির গুরুত্বপূর্ণ একজন মন্ত্রী প্রতিনিধিত্ব করতে পারেন।

জানা গেছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ অনুষ্ঠানে যোগ দিতে পারেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আগামী ১৭ ফেব্রুয়ারি নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে সার্কভুক্ত দেশসহ কয়েকটি দেশের সরকারপ্রধান ও প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিএনপির বিজয়ের পর দলটির শীর্ষ নেতা তারেক রহমান-কে ফোন করে অভিনন্দন জানান মোদি এবং দুই দেশের সম্পর্ক নতুনভাবে এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন বলে জানা গেছে।

কূটনৈতিক সূত্রে আরও জানা গেছে, দিল্লিতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক এআই ইমপ্যাক্ট সামিটে অংশ নেওয়ার ব্যস্ততার কারণে ঢাকায় আসতে পারছেন না ভারতের প্রধানমন্ত্রী। ওই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের সরকারপ্রধান ও প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

সূত্রের তথ্য অনুযায়ী, ভারতের প্রতিনিধি হিসেবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকায় আসতে পারেন। এর আগে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-র জানাজায় অংশ নিতে ভারতের পক্ষ থেকে তিনি বাংলাদেশ সফর করেছিলেন।

এদিকে, ২০২৪ সালের রাজনৈতিক প্রেক্ষাপটে ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণের পর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে কিছুটা টানাপড়েন তৈরি হয়েছিল বলে কূটনৈতিক মহলে আলোচনা রয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনও বিভিন্ন সময়ে বিষয়টি গণমাধ্যমে উল্লেখ করেছেন বলে জানা গেছে।

error: Content is protected !!