২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৫-০৬-২২

আগামী ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার জাতীয় বাজেটের চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

রোববার (২২ জুন) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই বাজেটের অনুমোদন দেওয়া হয়।

এর আগে, ২ জুন টেলিভিশনের মাধ্যমে অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। চলতি অর্থবছরের তুলনায় প্রস্তাবিত বাজেটের আকার ৭ হাজার কোটি টাকা কম।

প্রস্তাবিত বাজেটে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জন্য ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ঘাটতির পরিমাণ ধরা হয়েছে জিডিপির ৩ দশমিক ৬ শতাংশ, যা দেশি ও বিদেশি ঋণের মাধ্যমে পূরণের পরিকল্পনা রয়েছে।

বাজেট বাস্তবায়ন শুরু হবে আগামী ১ জুলাই থেকে। বাজেটে বড় কোনো পরিবর্তন না থাকলেও আলোচনার মুখে ফ্ল্যাট ও ভবন নির্মাণে অপ্রদর্শিত অর্থ বা কালোটাকা বিনিয়োগের সুযোগ এবার বাতিল করা হয়েছে।

সরকার নতুন বাজেটের মাধ্যমে ৫ দশমিক ৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। তবে সংসদ কার্যকর না থাকায় বাজেট নিয়ে জনপরিসরে তেমন আলোচনা হয়নি। বাজেট প্রণয়নে নাগরিক মতামতের জন্য অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে মতামত প্রদানের সুযোগ রাখা হয়েছিল। এ ছাড়া কয়েকটি ব্যবসায়ী সংগঠন সংবাদ সম্মেলন করে নিজেদের মতামত তুলে ধরেছে এবং কেউ কেউ অর্থ উপদেষ্টার সঙ্গে সরাসরি বৈঠকেও অংশ নিয়েছেন।

উল্লেখযোগ্যভাবে, চলতি ২০২৪-২৫ অর্থবছরের মূল বাজেটে ৬২টি মন্ত্রণালয় ও বিভাগকে মোট ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। সংশোধিত বাজেটে এর মধ্যে ১০টি মন্ত্রণালয় ও বিভাগের বরাদ্দ বেড়ে দাঁড়ায় ১ লাখ ৩০ হাজার কোটি টাকায়, অন্যদিকে ৫২টি মন্ত্রণালয় ও বিভাগের বরাদ্দ কমানো হয়েছে বা অপরিবর্তিত রাখা হয়েছে।

error: Content is protected !!