বিশ্বজুড়ে যখন ইসরায়েল-ইরান সংঘাতসহ নানা সংকটে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে, তখন এক ব্যতিক্রমী উদ্যোগে শান্তির বার্তা দিলেন ফুটবল কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো। খেলার মাঠের বাইরেও যে তিনি দায়িত্বশীল, মানবিক—তার প্রমাণ মিলেছে সম্প্রতি। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই পর্তুগিজ মহাতারকা একটি স্বাক্ষরিত জাতীয় দলের জার্সি পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে। সেই জার্সিতে লেখা রয়েছে— ‘Playing for Peace’।
বর্তমানে কানাডার আলবার্টায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনে অংশ নিচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেখানেই ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ও পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী অ্যান্টোনিও কস্তার সঙ্গে বৈঠক করেন তিনি। কস্তা রোনালদোর ঘনিষ্ঠ বন্ধু। তাঁর হাত দিয়েই ট্রাম্পের হাতে তুলে দেওয়া হয় এই বিশেষ উপহার।
যুদ্ধ ও দ্বন্দ্বে ভরা এই সময়েও রোনালদোর এমন ইতিবাচক বার্তা বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে। শুধু খেলার মধ্যেই নয়, রোনালদোর এই উদ্যোগ ক্রীড়াক্ষেত্রে নতুন এক মাত্রা যোগ করেছে— খেলার মাধ্যমে শান্তির বার্তা ছড়ানোর ক্ষেত্রে।
এদিকে ট্রাম্পও তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে জানিয়েছেন, ‘ইসরায়েল ও ইরানের মধ্যে শিগগিরই শান্তি আসবে! অনেক ফোনকল ও বৈঠক চলছে।’
বিশ্বশান্তি প্রতিষ্ঠায় কূটনৈতিক প্রচেষ্টার পাশাপাশি রোনালদোর এমন মানবিক বার্তা বিশ্ববাসীকে স্মরণ করিয়ে দিচ্ছে— খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি হতে পারে বিশ্বশান্তির সেতুবন্ধনও।
বর্তমানে রোনালদো সৌদি প্রো লিগের আল-নাসর ক্লাবে খেলছেন। শোনা যাচ্ছে, তিনি শিগগিরই ক্লাবটির সঙ্গে চুক্তি নবায়নের ঘোষণা দেবেন। যদিও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় ফিফা ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়ার প্রস্তাব পেয়েছিলেন, তিনি তা ফিরিয়ে দিয়েছেন।
এর আগে রোনালদো পর্তুগালকে দ্বিতীয়বারের মতো উয়েফা নেশনস লিগের শিরোপা জেতানোর নেতৃত্ব দিয়েছিলেন। এখন তাঁর শান্তির বার্তাসংবলিত এই ব্যতিক্রমী উদ্যোগ আলোচনার কেন্দ্রে রয়েছে আন্তর্জাতিক মহলেও।
