আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি ছাড়ের আগে বাংলাদেশের জাতীয় নির্বাচন কবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে জানতে চেয়েছিল সংস্থাটি। বুধবার (২৫জুন) সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
তিনি জানান, নির্বাচনের সম্ভাব্য সময় প্রকাশের পর আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর মধ্যেও আস্থা ফিরে এসেছে। বাজেট সহায়তা দেওয়া শুরু করেছে অনেক প্রতিষ্ঠান।
গত ২৩ জুন (সোমবার) আইএমএফের নির্বাহী বোর্ড বাংলাদেশকে দেওয়া ৪৭০ কোটি ডলারের ঋণ কর্মসূচির আওতায় চতুর্থ ও পঞ্চম কিস্তি হিসেবে মোট ১৩৩ কোটি ৭০ লাখ ডলার ছাড়ের অনুমোদন দেয়। শর্ত পূরণে বিলম্বের কারণে এই কিস্তিগুলোর অর্থ দীর্ঘদিন আটকে ছিল।
উল্লেখ্য, ২০২৪ সালের জুনে তৃতীয় কিস্তি হিসেবে বাংলাদেশ পেয়েছিল ১১৫ কোটি ডলার। সে পর্যন্ত তিন কিস্তিতে মোট ২৩১ কোটি ডলার পেয়েছে বাংলাদেশ। তবে রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে পরবর্তী কিস্তি স্থগিত ছিল।
অর্থ উপদেষ্টা বলেন, “আইএমএফ জানতে চেয়েছিল, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি না। আমরা নিশ্চিতভাবে জানিয়েছি—নির্বাচন হবেই। এরপর তারা সন্তুষ্ট হয়।”
তিনি আরও জানান, সম্প্রতি বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), ফ্রান্সের উন্নয়ন সংস্থা (এএফডি) ও এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) বাংলাদেশে বিভিন্ন ঋণ অনুমোদন দিয়েছে। দেশজুড়ে চলমান সংস্কার কার্যক্রমে তারা সন্তোষ প্রকাশ করেছে বলেও উল্লেখ করেন সালেহউদ্দিন আহমেদ।
