ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন।
দলীয় ও সচিবালয় সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আ ন ম এহসানুল হক মিলন-কে।
নতুন মন্ত্রিসভায় দায়িত্ব পেতে যাচ্ছেন আরও যেসব নেতা, তারা হলেন— মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আসাদুল হাবিব দুলু, নুরুল হক নুর, ববি হাজ্জাজসহ আরও অনেকে।
আ ন ম এহসানুল হক মিলন এর আগে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি চাঁদপুর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
১৯৫৭ সালের ২৬ মার্চ চাঁদপুর জেলার কচুয়া উপজেলায় জন্মগ্রহণ করেন তিনি। শিক্ষাজীবনে তিনি শের-ই-বাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং সরকারি ইন্টারমিডিয়েট টেকনিক্যাল কলেজ (বর্তমান সরকারি বিজ্ঞান কলেজ) থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
১৯৮২ সালে যুক্তরাষ্ট্রে গিয়ে তিনি নিউ ইয়র্ক ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে এমবিএ ডিগ্রি লাভ করেন। পাশাপাশি ব্রুকলিন কলেজ এবং বোরো অব ম্যানহাটন কমিউনিটি কলেজ-এ সহকারী প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেন। কর্মজীবনের একটি সময় তিনি ওষুধ শিল্পে রসায়নবিদ হিসেবেও কাজ করেছেন।
পরবর্তীতে তিনি মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া থেকে রাষ্ট্রবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার গবেষণার বিষয় ছিল বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের ভূমিকা।
