প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সিলেট সফরে যাচ্ছেন। তাঁর এই সফরকে কেন্দ্র করে নগরজুড়ে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে।
প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেনের স্বাক্ষরিত সূচি অনুযায়ী, আগামী শনিবার (২ মে) তিনি সিলেটে পৌঁছাবেন। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, সকাল ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন প্রধানমন্ত্রী। এরপর সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করবেন।
সকাল ১১টায় চাঁদনীঘাট এলাকায় সিলেট সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্প উদ্বোধন করবেন তিনি। পরে দুপুর ১২টায় সিলেট সদর উপজেলার কান্দিগাঁওয়ে বাসিয়া খাল (বাসিয়া নদী) খননকাজের উদ্বোধন করার কথা রয়েছে। বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন করবেন এবং বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় যোগ দেবেন। সফর শেষে সন্ধ্যা ৭টায় তিনি ঢাকার উদ্দেশে রওনা হবেন।
এ সফরকে সামনে রেখে সিলেট নগরের বিভিন্ন সড়ক, স্থাপনা ও গুরুত্বপূর্ণ এলাকায় পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। বিমানবন্দর থেকে সার্কিট হাউস পর্যন্ত সড়কগুলোতেও সংস্কার কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ মোড়ে তোরণ নির্মাণ, ব্যানার-ফেস্টুন টানানোসহ সাজসজ্জার কাজ চলছে।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সিটি করপোরেশন সমন্বিতভাবে প্রস্তুতি নিচ্ছে। নিরাপত্তা জোরদারে পুলিশ টহল বাড়ানো হয়েছে, স্থাপন করা হচ্ছে অতিরিক্ত চেকপোস্ট এবং ট্রাফিক ব্যবস্থাপনায় নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ।
এদিকে, প্রধানমন্ত্রীর আগমন ঘিরে জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। দলটির নেতারা জানিয়েছেন, সফরকে সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তারা সিলেটের যোগাযোগব্যবস্থা উন্নয়ন, দ্রুত ঢাকা-সিলেট যাতায়াত সুবিধা এবং শিল্পায়নের বিষয়গুলো প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরবেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং শিগগিরই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকেও বলা হয়েছে, সব প্রস্তুতি দ্রুত সম্পন্ন করা হচ্ছে এবং পরিচ্ছন্নতা ও সীমিত সৌন্দর্যবর্ধনে গুরুত্ব দেওয়া হচ্ছে।
সংশ্লিষ্টরা জানান, সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং সুধী সমাবেশে অংশ নিয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন।