এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টের সেমিফাইনালে ভারত ‘এ’ দলের বিপক্ষে সুপার ওভারের রোমাঞ্চ জিতে ফাইনালে উঠেছে বাংলাদেশ ‘এ’ দল। একের পর এক ভুলে ভরা উত্তেজনাপূর্ণ ম্যাচটি গড়ায় সুপার ওভারে, যেখানে রিপন মন্ডলের দুর্দান্ত বোলিং ভারতকে পরপর দুই বলে দুই উইকেট হারাতে বাধ্য করে। ফলে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ১ রান। শেষ পর্যন্ত কিছুটা টানটান উত্তেজনার পর ওয়াইড বলেই জয় নিশ্চিত করে ফেলে বাংলাদেশ।
সুপার ওভারে যাওয়ার আগেই মূল ২০ ওভারের ম্যাচে ছিল তীব্র নাটকীয়তা। বাংলাদেশের দেওয়া ১৯৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ভারত ‘এ’ দলের শেষ দুই ওভারে প্রয়োজন ছিল ২১ রান, হাতে ছিল ৫ উইকেট। এমন সময় বল হাতে এসে রিপন মন্ডল মহা দায়িত্বশীল বোলিংয়ে মাত্র ৫ রান দেন ৬ বলে, সঙ্গে নেন একটি গুরুত্বপূর্ণ উইকেট। এতে ম্যাচের চিত্রই একেবারে বদলে যায়।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পায় আকবর আলীর নেতৃত্বাধীন বাংলাদেশ ‘এ’। ওপেনার হাবিবুর রহমান সোহান ও জিসান আলম মিলে দলকে উড়ন্ত সূচনা এনে দেন। মাত্র ৪.২ ওভারে ওপেনিং জুটিতে আসে ৪৩ রান। ১৪ বলে ২৬ রান করে জিসান আউট হলে শুরু হয় উইকেট পড়ার মিছিল। তবে অপর প্রান্তে লড়াই চালিয়ে যান সোহান। তিনি ৪৬ বলে ৬৫ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন।
সোহানের সঙ্গে জাওয়াদ আবরার, আকবর আলী ও আবু হায়দার রনি কেউই বড় ভূমিকা রাখতে পারেননি। তবে শেষদিকে মেহেরব ও ইয়াসির রাব্বির ঝড়ো ব্যাটিংয়ে ইনিংস দেড়শো ছাড়িয়ে প্রায় দুইশর কাছাকাছি পৌঁছে যায়। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে বাংলাদেশ ‘এ’ দল সংগ্রহ করে ১৯৪ রান।

