খাঁটিহাতা হাইওয়েতে ঘুষ বাণিজ্যের অভিযোগ: ওসিসহ ৬ পুলিশ সদস্য বদলি, তদন্তে নজর প্রশাসনের

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: 2025-07-15

 

ঘুষ নেওয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার খাঁটিহাতা হাইওয়ে থানায় কর্মরত ওসিসহ ছয় পুলিশ সদস্যকে প্রত্যাহার করে কুমিল্লা অঞ্চলের হাইওয়ে পুলিশ কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে মহাসড়কে পণ্যবাহী যানবাহন থামিয়ে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।

প্রত্যাহারকৃত পুলিশ সদস্যরা হলেন—থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান, সহকারী উপপরিদর্শক (এএসআই) বিপুল বড়ুয়া, কনস্টেবল মো. সাহাবুদ্দিন, মো. মস্তু, সাকিবুল এবং মো. জহির মিয়া।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চলতি মাসের ৩ তারিখে সিলেট থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান থামিয়ে টহলরত পুলিশ সদস্যরা অবৈধ পণ্য পরিবহনের অভিযোগ তোলেন। পরে চালকের কাছ থেকে ৮০ হাজার টাকা আদায় করা হয়। বিষয়টি নিয়ে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রতিবেদন সম্প্রচারিত হলে ঘটনাটি আলোচনায় আসে।

এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার ছয় পুলিশ সদস্যকে সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার দায়িত্ব থেকে প্রত্যাহার করে কুমিল্লা হাইওয়ে পুলিশ কার্যালয়ে সংযুক্ত করা হয়।

বর্তমানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন উপপরিদর্শক (এসআই) মো. সজীব মিয়া। তিনি জানান, একটি নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই ছয়জনকে একযোগে প্রত্যাহার করা হয়েছে এবং এখন তিনি নতুন ওসি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ বিষয়ে হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার খাইরুল আলম জানান, অভিযোগ পাওয়ার পর ছয়জনকে সরিয়ে নেওয়া হয়েছে। বিষয়টি তদন্তের জন্য একজন অতিরিক্ত পুলিশ সুপারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তে যাদের বিরুদ্ধে যথাযথ প্রমাণ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত প্রতিবেদন অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

error: Content is protected !!