ছবি সংগৃহীত
৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থী অংশগ্রহণের অভিযোগে কড়া ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গত ১৮ জুলাই রাজধানীর বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় ঢাকার খিলগাঁও মডেল কলেজ ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে তিনজন বদলি পরীক্ষার্থী ধরা পড়েন।
পিএসসি জানিয়েছে, মূল পরীক্ষার্থীদের পরিচয়ে অন্যরা পরীক্ষায় অংশ নেয়। খিলগাঁও মডেল কলেজে ধরা পড়া দুইজন এবং পলিটেকনিক ইনস্টিটিউটের একজনকে তাৎক্ষণিকভাবে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
এছাড়া, ইডেন মহিলা কলেজ কেন্দ্রে মোবাইল ফোন বহনের দায়ে একজন পরীক্ষার্থীকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং আরেকজনের বিরুদ্ধে প্রশ্নপত্রে নকলের চেষ্টার অভিযোগে মামলা হয়েছে।
অন্যদিকে, নিজের রেজিস্ট্রেশন নম্বরের পরিবর্তে অন্যের নম্বর ব্যবহার করায় এক পরীক্ষার্থীর প্রার্থিতা বাতিল করে তাকে আজীবনের জন্য পিএসসির সব পরীক্ষায় নিষিদ্ধ করা হয়েছে।
কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, জড়িত সব ভুয়া পরীক্ষার্থী ও তাদের সহযোগীদের ৪৮তম বিসিএস পরীক্ষায় বহিষ্কারসহ ভবিষ্যতের সব পিএসসি পরীক্ষায় অংশগ্রহণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
