শিরোনাম

সুদানে আমিরাতি বিমান লক্ষ্য করে সেনাবাহিনীর হামলা, নিহত অন্তত ৪০

: আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২০২৫-০৮-০৮
ছবি: সংগৃহীত

 

দারফুরে আরএসএফ নিয়ন্ত্রিত একটি বিমানবন্দরে অবতরণের সময় সংযুক্ত আরব আমিরাতের একটি বিমানকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে সুদানের বিমানবাহিনী। এতে কলম্বিয়ান ভাড়াটে সৈন্যসহ বিমানটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। সরকারি টেলিভিশনের বরাতে জানানো হয়, বুধবার গভীর রাতে চালানো এই হামলায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন। খবর আলজাজিরা ও এএফপির।

বিমানটি আরএসএফ-এর জন্য সামরিক সরঞ্জাম ও বিদেশি যোদ্ধা নিয়ে উপসাগরীয় অঞ্চলের একটি ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল। সূত্র বলছে, বিমানবন্দরে অবতরণের আগেই সেটি বোমার আঘাতে বিধ্বস্ত হয়।

ঘটনার পরপরই কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো জানান, নিহতদের মধ্যে তার দেশের কতজন রয়েছেন তা জানতে তদন্ত চলছে। প্রয়োজনে মৃতদেহগুলো ফিরিয়ে আনার ব্যবস্থাও নেওয়া হবে বলে জানান তিনি।

এদিকে আরএসএফ বা সংযুক্ত আরব আমিরাত এই হামলার বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। বরং এক আমিরাতি কর্মকর্তা হামলার অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছেন।

সুদানের সেনাবাহিনী দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে—দারফুরের নিয়ালা বিমানবন্দর হয়ে আমিরাত আরএসএফকে ড্রোনসহ উন্নত অস্ত্র সরবরাহ করছে। যদিও আবুধাবি এ অভিযোগ বরাবরই অস্বীকার করেছে।

সাম্প্রতিক স্যাটেলাইট চিত্রে নিয়ালা বিমানবন্দরে চীনা নির্মিত দূরপাল্লার ড্রোনের উপস্থিতি ধরা পড়েছে। একইসঙ্গে জাতিসংঘের বিশেষজ্ঞদের মতে, ২০২৪ সালের শেষদিকে দারফুরে কলম্বিয়ান যোদ্ধাদের আগমন শুরু হয় এবং তারা বিভিন্ন ফ্রন্টে সক্রিয় রয়েছে।

error: Content is protected !!