আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা কার্যকর হয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীসহ বিভিন্ন বাহিনীর সদস্যদের পাশাপাশি ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে দায়িত্ব পালন শুরু করেছেন। এই বিশেষ নিরাপত্তা মোতায়েন আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বহাল থাকবে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, সেনাবাহিনী ইতোমধ্যে মাঠে রয়েছে এবং রোববার থেকে তাদের কার্যক্রম আরও জোরদার হবে। তিনি বলেন, ভোটের আগে ও পরে মোট সাত দিন সেনাবাহিনী দায়িত্ব পালন করবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠকে দেশের সামগ্রিক পরিস্থিতি নির্বাচন আয়োজনের জন্য অনুকূল বলে তারা মত দিয়েছে।
তিনি আরও বলেন, বর্তমানে তিনি রংপুরে অবস্থান করছেন এবং সেখানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দেশজুড়েও আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে বলে তিনি জানান। তবে হাদি হত্যা মামলার বিচারের দাবিতে শাহবাগ এলাকায় কিছুটা উত্তেজনা দেখা দিলেও দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আর যেন না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান কমিশনার।
নির্বাচন কমিশনার জানান, দেশের বিভিন্ন জেলায় ব্যালট বাক্স পাঠানো সম্পন্ন হয়েছে এবং সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা সেগুলো গ্রহণ করছেন। বর্তমানে সংশ্লিষ্ট সবাই ভোটগ্রহণের প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় পার করছেন।