বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তাদের দল রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে সিলেটের ন্যায্য প্রাপ্য নিশ্চিত করা হবে। তিনি উল্লেখ করেন, বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সিলেটবাসী যে বঞ্চনার শিকার হয়েছেন, সেসব বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল তিনটায় সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদরাসা মাঠে জামায়াতসহ ১১ দলের আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সিলেট মহানগর জামায়াতের আমির মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং জেলা জামায়াতের সেক্রেটারি জয়নাল উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, তিনি প্রধানমন্ত্রী হবেন কি না, তা আল্লাহর ইচ্ছার ওপর নির্ভরশীল। তবে সুযোগ পেলে সিলেট অঞ্চলের দীর্ঘদিনের অবহেলা ও সমস্যা দূর করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
বক্তব্যে তিনি সিলেটের নদ-নদীর বর্তমান অবস্থার কথাও তুলে ধরেন। তিনি বলেন, দখল ও দূষণের কারণে অনেক নদী এখন প্রায় মৃতপ্রায় অবস্থায় রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে যেভাবে নদীগুলোর স্বাভাবিক প্রবাহ রক্ষা করা হয়েছে, তেমনি উদ্যোগ গ্রহণ করে সিলেটের নদ-নদী পুনরুদ্ধারে কাজ করা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

