ছবি: সংগৃহীত
সিলেট মহানগরীর মিরের ময়দান এলাকায় সড়ক দুর্ঘটনায় মুরাদ আহমেদ (৫৯) নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টার দিকে বাংলাদেশ বেতার সিলেট কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুরাদ আহমেদ সিলেট নগরীর কোতোয়ালী থানাধীন মাছিমপুর এলাকার মৃত নুরুদ্দিনের ছেলে। তিনি বর্তমানে কেওয়াপাড়া এলাকার ইসমাইল টাওয়ারের ১০২ নম্বর ফ্ল্যাটে বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে মিরের ময়দান এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি সিএনজিচালিত অটোরিকশা মুরাদ আহমেদকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ হাসপাতালে যায়। পরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাঈনুল জাকির বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত শিক্ষকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
