ইফতারে স্বাস্থ্যকর ও সতেজ একটি খাবার হতে পারে ফ্রুট সালাদ। সারাদিন রোজা রাখার পর শরীরের ক্লান্তি দূর করতে এবং প্রয়োজনীয় ভিটামিন ও পুষ্টি পেতে এটি বেশ উপকারী। মৌসুমি বিভিন্ন ফল দিয়ে খুব সহজেই ইফতারের জন্য সুস্বাদু ফ্রুট সালাদ তৈরি করা যায়।
উপকরণ:
আপেল ২টি, আঙুর ২০টি, গাজর ১টি, শসা ১টি, টমেটো ২টি, বিট আধা, টক দই আধা কাপ, বিট লবণ ১ চা চামচ, সাদা লবণ স্বাদমতো, জিরা গুঁড়া সামান্য, শুকনা মরিচ গুঁড়া সামান্য, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, পুদিনা পাতা, ধনেপাতা, কাঁচামরিচ পেস্ট ১ চা চামচ, চাট মসলা ১ চা চামচ, সরিষার তেল অল্প এবং সামান্য চিনি বা মধু।
প্রস্তুত প্রণালি:
প্রথমে সব ফল ও সবজি ভালোভাবে ধুয়ে ছোট কিউব আকারে কেটে নিন। এরপর একটি বড় পাত্রে সব কাটা ফল একসঙ্গে নিন। এর সঙ্গে টক দই বা লেবুর রস মিশিয়ে দিন। তারপর স্বাদ অনুযায়ী বিট লবণ, সাদা লবণ, চাট মসলা ও গোলমরিচ গুঁড়া ছিটিয়ে দিন।
এরপর জিরা গুঁড়া, শুকনা মরিচ গুঁড়া, কাঁচামরিচ পেস্ট, সামান্য সরিষার তেল এবং অল্প চিনি বা মধু যোগ করে ভালোভাবে মিশিয়ে নিন। উপর থেকে পুদিনা পাতা ও ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। চাইলে বাড়তি পুষ্টির জন্য চিয়া সিডস বা বাদাম কুচিও দেওয়া যেতে পারে।
সব উপকরণ ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠাণ্ডা করে নিলে স্বাদ আরও বেড়ে যায়। এরপর সুন্দর একটি বাটিতে পরিবেশন করুন স্বাস্থ্যকর ও মজাদার ইফতারের ফ্রুট সালাদ।
